গ্রাফিক : সময়ের আলোদীর্ঘ অপেক্ষার পর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। পরীক্ষার ফল সন্তোষজনক হলে আনুষ্ঠানিকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। দেশের বিদ্যুৎ খাতের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও জাতীয় গ্রিডের মধ্যে সামঞ্জস্য যাচাই করা হচ্ছে। বিদ্যুতের ভোল্টেজ, কম্পাঙ্ক ও সরবরাহের স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। একই সঙ্গে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতাও দেখা হবে। এই পরীক্ষা সফল হলেই বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে যাবে, এমন নয়। বরং এটি চূড়ান্ত উৎপাদনের আগে প্রয়োজনীয় কয়েকটি ধাপের একটি।
রূপপুরের প্রতিটি ধাপ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে। কারণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে সামান্য ত্রুটিও বড় বিপদের কারণ হতে পারে। এ ধরনের কেন্দ্র পরিচালনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়লে তা সমাধান করে আবার পরীক্ষা করতে হবে। দ্রুত কাজ শেষ করার চেয়ে নিরাপদভাবে কাজ শেষ করাই বেশি গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতাও বড় বিষয়। দেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা এখনও আধুনিক স্মার্ট গ্রিডে রূপান্তরিত হয়নি। ফলে পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় না থাকলে গ্রিডে সমস্যা দেখা দিতে পারে। কাজেই শুধু বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা যাচাই করলেই হবে নাা, জাতীয় সঞ্চালনব্যবস্থার প্রস্তুতিও নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড বাংলাদেশের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে।
রূপপুর প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। প্রকল্পটির মেয়াদ দুই দফায় বাড়ানো হয়েছে। ডলারের দাম বাড়ার কারণে খরচ বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। সব মিলিয়ে প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। এত বড় বিনিয়োগের সুফল জনগণ পেতে চায়। সেই সুফল পেতে হলে প্রকল্পের নিরাপত্তা, দক্ষ পরিচালনা এবং আর্থিক জবাবদিহি নিশ্চিত করতে হবে।
দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিও বিবেচনায় নেওয়া জরুরি। জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা, গ্যাসের সংকট এবং বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে। উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাব ও কারিগরি সমস্যায় অনেক কেন্দ্র পুরোপুরি চালানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে রূপপুরের বিদ্যুৎ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
রূপপুরের বিদ্যুৎ উৎপাদন দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পারমাণবিক বিদ্যুতের সুফল পেতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। দক্ষ জনবল তৈরি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, তেজস্ক্রিয় বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি থাকতে হবে। এসব বিষয়ে কোনো ঘাটতি যেন না থাকে, সেটা নিশ্চিত করতে হবে।
রূপপুর বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলছে। তবে বিদ্যুৎ উৎপাদনে সাফল্য শুধু উৎপাদনের পরিমাণ দিয়ে বিচার করা যায় না। নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহই প্রকৃত সাফল্য।
সময়ের আলো/প্রিন্ট/জেডি