সম্পূরক পরীক্ষা হোক দ্বিতীয় সুযোগ, পাসের সহজ পথ নয়

মাছুম বিল্লাহ

মতামত

প্রতি বছর পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদের একটি অংশ এক বা দুই বিষয়ে ফেল করে। প্রশ্ন হচ্ছে, এ

2026-11-17T03:37:38+00:00
2026-11-17T03:37:38+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মতামত
সম্পূরক পরীক্ষা হোক দ্বিতীয় সুযোগ, পাসের সহজ পথ নয়
মাছুম বিল্লাহ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
প্রতি বছর পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদের একটি অংশ এক বা দুই বিষয়ে ফেল করে। প্রশ্ন হচ্ছে, এ কারণে তাদের কেন শিক্ষাজীবনের একটি বছর পিছিয়ে পড়তে হবে? বিষয়টি শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্যর্থতা নয়। এর পেছনে সামগ্রিক শিক্ষাব্যবস্থারও দায় রয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরের বছরের পরীক্ষার জন্য অপেক্ষা করতে বাধ্য করা পুরোনো চিন্তারই বহিঃপ্রকাশ। এতে তারা সহপাঠীদের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ হারায়।

প্রতি বছর পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে লিখে আসছি। এবার দেখলাম, পরীক্ষার দিনই শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক থেকে দুই মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আলোচনা না করে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া সবসময় ভালো ফল বয়ে আনে না। তবে এ ক্ষেত্রে সিদ্ধান্তটি ইতিবাচক বলেই মনে হচ্ছে। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার ঝুঁকি কমবে। একটি বছর পিছিয়ে পড়ার কারণে যে শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক চাপ তৈরি হয়, তা থেকেও তারা রেহাই পাবে।

আমাদের উচ্চ শিক্ষার কিছু প্রতিষ্ঠানে সম্পূরক পরীক্ষার ব্যবস্থা আগে থেকেই রয়েছে। মেডিকেল কলেজে এ ব্যবস্থা চালু আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে আমিও এ ব্যবস্থার সঙ্গে পরিচিত। কোনো শিক্ষার্থী মূল পরীক্ষায় অংশ নিতে না পারলে কিংবা পরীক্ষায় খারাপ করলে পরবর্তী সময়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এতে তার শিক্ষাজীবন পুরোপুরি থেমে থাকে না। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো বৃত্তি পান না। আমি কিংবা আমার রুমমেট কখনো কোনো বর্ষে সম্পূরক পরীক্ষা দিইনি। আমরা নিয়মিত পরীক্ষাতেই অংশ নিয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েও এ ব্যবস্থা চালুর কথা বলে আসছি। এবার রাষ্ট্রের পক্ষ থেকে এমন একটি ইতিবাচক ঘোষণা এসেছে।

শিক্ষাবোর্ডগুলো ইতিমধ্যে সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। একই দিন বিকালে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। ১৫ ডিসেম্বরের মধ্যেই ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য ও অনুপস্থিত শিক্ষার্থীদের পরীক্ষা এবং নম্বর অনলাইনে অন্তর্ভুক্ত করার কাজ শেষ করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

তবে এই সিদ্ধান্তের পেছনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোনো পরোক্ষ চাপ বা প্রণোদনা কাজ করেছে কি না, সে প্রশ্নও উড়িয়ে দেওয়া যায় না। প্রয়োজনের তাগিদে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এর মধ্যে কয়েকটি ভালো করছে। কিন্তু অনেক প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের চেয়ে বাণিজ্যিক দিকটিই বেশি গুরুত্ব পাচ্ছে। বিশাল অবকাঠামো ও পরিচালন ব্যয় মেটাতে তাদের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রয়োজন। এর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় যথাযথ পরিকল্পনা, চাহিদা যাচাই কিংবা জরিপ ছাড়াই গড়ে উঠেছে। কোনো কোনোটি রাজনৈতিক নেতাদের আনুকূল্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রয়োজন, কিন্তু শিক্ষার মান নিয়ে তাদের সবার সমান উদ্বেগ আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অবশ্য শুধু প্রতিষ্ঠানগুলোকে দোষ দিয়ে লাভ নেই। সামগ্রিক ব্যবস্থার দুর্বলতাও এর জন্য দায়ী। তবে সম্পূরক পরীক্ষা যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সরবরাহের হাতিয়ার হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে। বোর্ড, পরীক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক— সবারই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

সম্পূরক পরীক্ষায় অংশ নিয়ে যদি সবাই উচ্চতর গ্রেড পেয়ে যায়, তা হলে এ ব্যবস্থার উদ্দেশ্যই ব্যর্থ হবে। শিক্ষকদের সহানুভূতির সঙ্গে খাতা মূল্যায়নের নির্দেশ দেওয়া কিংবা সহজ প্রশ্ন তৈরি করার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি থাকা জরুরি, কিন্তু তার অর্থ নম্বর বাড়িয়ে দেওয়া নয়। যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করতে হবে।

দেশে মাধ্যমিক পর্যায়ে এখন টেস্ট পরীক্ষা চলছে। গবেষণার কাজে ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র পর্যালোচনা করেছি। দেখেছি, প্রায় সব প্রতিষ্ঠানেই বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। বোর্ডের নির্ধারিত কাঠামো অনুসরণ করতে হয় ঠিকই, কিন্তু সেই কাঠামোর মধ্যেও নতুন প্রশ্ন তৈরি করা সম্ভব। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতা যাচাইয়ের সুযোগ রয়েছে। অথচ অধিকাংশ প্রতিষ্ঠান সে পথে হাঁটেনি। দুয়েকটি প্রতিষ্ঠান পুরোনো প্রশ্নে নতুনত্ব আনার চেষ্টা করেছে। কিন্তু তাদের প্রশ্নেও নানা অসংগতি দেখা গেছে। বিষয়টি নিয়ে আলাদা করে লেখার ইচ্ছা রয়েছে।

এবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে, ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বাকি শিক্ষার্থীদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে শুধু তাদের ব্যক্তিগত ব্যর্থতাকে দায়ী করা যায় না। এর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, সমাজ ও রাষ্ট্রেরও দায় রয়েছে।

অকৃতকার্য হওয়া একজন শিক্ষার্থীর জন্য শুধু পরীক্ষার ফল খারাপ হওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অপমানের অনুভূতি। আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় দেখা গেছে, অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে ২০ জন আত্মহত্যা করেছে। তাই তাদের সামনে আরেকটি সুযোগ তৈরি করা জরুরি। তবে সেই সুযোগ যেন নিয়মিত পরীক্ষার বিকল্প বা সহজে পাস করার উপায় হয়ে না দাঁড়ায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অনেক শিক্ষার্থী পরীক্ষা একটু খারাপ হলেই খাতা জমা দিয়ে হলের দিকে চলে আসতেন। কয়েক মাস পর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এ প্রবণতা এক ধরনের অপচয়। যারা নিয়মিত ক্লাস করেন না, পড়াশোনার চেয়ে আড্ডায় বেশি সময় কাটান কিংবা পরীক্ষাকে গুরুত্ব দেন না, তারা যদি ভাবেন যে খারাপ করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তা হলে নিয়মিত পড়াশোনার আগ্রহ কমে যেতে পারে। সম্পূরক পরীক্ষা যেন এমন মানসিকতা তৈরি না করে, তা নিশ্চিত করতে হবে।

ইতিমধ্যে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোয় ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। ফলে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না। কেউ কেউ এ নিয়ে সমালোচনা করছেন। তবে বিষয়টি নিয়ে ভিন্নভাবে ভাবার অবকাশ রয়েছে। নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পূরক পরীক্ষার্থীদের প্রতিযোগিতার সুযোগ এক করে দেওয়া কতটা যুক্তিসংগত, তা বিবেচনা করা দরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বৃত্তি পান না। এ ধরনের কিছু শর্ত থাকা অযৌক্তিক নয়।

বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনও নিশ্চিত করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই চর্চা যথেষ্ট শক্তিশালী নয়। আবার সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই সময়ে নেওয়ার দাবিও দীর্ঘদিনের। শিক্ষাজীবন থেকেই এ দাবির পক্ষে কথা বলে আসছি। এমন ব্যবস্থা চালু হলে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ভর্তি প্রক্রিয়া তৈরি করা সম্ভব হবে। তবে ইতিমধ্যে যেসব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, তাদের সম্পূরক পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে বাধ্য করা কতটা বাস্তবসম্মত, তা ভেবে দেখতে হবে।

আমাদের শিক্ষাব্যবস্থার মান কমে যাওয়ার অন্যতম কারণ পরীক্ষার খাতা মূল্যায়নে অতিরিক্ত সহানুভূতির প্রবণতা। শিক্ষাবোর্ডগুলো অনেক সময় পরীক্ষকদের সহানুভূতির সঙ্গে খাতা দেখতে বলে। কিন্তু সহানুভূতি আর যথাযথ মূল্যায়ন এক বিষয় নয়। খাতায় যা-ই লেখা হোক, নম্বর দেওয়ার প্রবণতা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। এখন আবার সম্পূরক পরীক্ষার নামে সব ধরনের ছাড় দেওয়া হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

আরেকটি বিষয়ও বিবেচনায় নিতে হবে। দেশে উচ্চ শিক্ষার প্রায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকবে বলে আলোচনা হচ্ছে। সম্পূরক পরীক্ষা না নিয়ে আগের ফল বহাল থাকলে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। এ কারণে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি শর্ত সহজ করার কথাও বলেছে। কিন্তু শুধু আসন পূরণ বা প্রতিষ্ঠানের আয় নিশ্চিত করার জন্য শিক্ষার মানের সঙ্গে আপস করা যাবে না।

যারা অকৃতকার্য হয়েছে, তাদের সবার মেধা নেই, এমন নয়। অনেকেই নিয়মিত ক্লাস করেনি, বিষয় না বুঝলেও তা বোঝার চেষ্টা করেনি কিংবা পড়াশোনায় যথেষ্ট মনোযোগ দেয়নি। স্কুল-কলেজে শিক্ষক ও অভিভাবকদের নজরদারি থাকে। উচ্চ শিক্ষায় সেই বাধ্যবাধকতা অনেক কম। সেখানে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের নিজের দায়িত্ববোধই প্রধান। তাই যথাযথ প্রস্তুতি ছাড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় প্রবেশের সুযোগ করে দিলে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা আরও বাড়তে পারে।

এর সঙ্গে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ও প্রয়োজনের বিষয়টিও জড়িত। এত বেকারের দেশে অপরিকল্পিতভাবে এত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার যৌক্তিকতা কী? চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য নেই। ভবিষ্যতের কর্মসংস্থানের বিষয়টিও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অনেক কলেজে শিক্ষার্থী নেই, কোথাও শিক্ষার্থী থাকলেও পড়াশোনার পরিবেশ নেই। অথচ সরকার আরও ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে। প্রতিটি উপজেলায় আরও একটি করে বালিকা কলেজ প্রতিষ্ঠার কথাও বলা হচ্ছে। এসব উদ্যোগ কতটা প্রয়োজনীয় এবং এর পেছনে কতটা অর্থ ব্যয় হবে, তা নতুন করে পর্যালোচনা করা দরকার।

সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এটি যেন শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। পাসের হার বাড়ানো, আসন পূরণ কিংবা বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে একে ব্যবহার করা যাবে না। পরীক্ষার মান, মূল্যায়নের নিরপেক্ষতা এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অক্ষুণ্ন রাখতে হবে। একজন শিক্ষার্থীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে হবে, কিন্তু সেই সুযোগের বিনিময়ে শিক্ষার মানের সঙ্গে আপস করা চলবে না।

শিক্ষা বিশেষজ্ঞ ও গবেষক
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   পাবলিক পরীক্ষা  শিক্ষার্থী  অকৃতকার্য  ফেল  শিক্ষাজীবন  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: