নবান্ন উৎসব : কৃষকের মুখে হাসি ফুটুক

ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন

মতামত

বাংলার ঋতুচক্র, কৃষিকাজ এবং লোকজ সংস্কৃতির সঙ্গে যে কয়েকটি উৎসব ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে নবান্ন অন্যতম। এটি শুধু নতুন ধান

2026-11-17T03:41:41+00:00
2026-11-17T03:41:41+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মতামত
নবান্ন উৎসব : কৃষকের মুখে হাসি ফুটুক
ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৪১ এএম 
গ্রাফিক : সময়ের আলো
বাংলার ঋতুচক্র, কৃষিকাজ এবং লোকজ সংস্কৃতির সঙ্গে যে কয়েকটি উৎসব ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে নবান্ন অন্যতম। এটি শুধু নতুন ধান ঘরে তোলার আনন্দের উৎসব নয়; বরং বাংলার কৃষিনির্ভর জীবনব্যবস্থা, সামাজিক সংহতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। কার্তিকের শেষ থেকে অগ্রহায়ণের শুরুতে যখন সোনালি ধানে ভরে ওঠে বাংলার মাঠ, তখন কৃষকের মুখে হাসি, প্রকৃতির আশীর্বাদ এবং মানুষের সম্মিলিত আনন্দ একসঙ্গে মিলিত হয়ে সৃষ্টি করে নবান্নের আবহ। নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে গ্রামবাংলার উঠোন, আর সেই ঘ্রাণ ছড়িয়ে পড়ে পুরো বাঙালি জীবনে। যদিও ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কা থাকায় কৃষকের মুখে হাসি এখন মলিন হতে চলেছে। তাই সত্যিকারার্থে কৃষকের মুখে হাসি ফোটাতে হলে পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে।

নবান্ন শব্দটির আক্ষরিক অর্থ ‘নতুন অন্ন’। নতুন ধান থেকে প্রস্তুত চালের প্রথম ভাত বা খাদ্যগ্রহণকে কেন্দ্র করেই এই উৎসবের উৎপত্তি। বাংলার কৃষিভিত্তিক সমাজে নতুন ফসল ঘরে তোলার মুহূর্ত বরাবরই ছিল আনন্দ ও কৃতজ্ঞতার উপলক্ষ। কৃষক বছরের পর বছর প্রকৃতির অনুকূল পরিবেশ, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং নিজের কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে ফসল উৎপাদন করেন। তাই ফসল ঘরে তোলার পর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সেই সফলতাকে পরিবার ও সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার যে ঐতিহ্য, নবান্ন তারই বহিঃপ্রকাশ।

এই উৎসবের ইতিহাস সুপ্রাচীন। কৃষি সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পৃথিবীর নানা অঞ্চলে ফসল উৎসবের প্রচলন দেখা যায়। বাংলাতেও প্রাচীনকাল থেকে নতুন শস্য ঘরে তোলার পর উৎসব উদযাপনের রীতি ছিল। সমযের সঙ্গে সঙ্গে এই রীতি পরিণত হয়েছে নবান্ন উৎসবে। ধর্মীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে এটি বাঙালির সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে রূপ নিয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা অন্য যেকোনো সম্প্রদায়ের গ্রামীণ মানুষ নতুন ফসলের আনন্দে অংশগ্রহণ করেছেন যুগ যুগ ধরে।

নবান্নের সবচেয়ে বড় আকর্ষণ নতুন চালের নানা খাবার। ধান কাটার পর তা শুকিয়ে চাল তৈরি করা হয়। এরপর শুরু হয় ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি। নতুন চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের পিঠাপুলি যেমন— ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, দুধপুলি এবং আরও নানা ঐতিহ্যবাহী খাবার। নতুন চালের পায়েস, ক্ষীর এবং দুধ-গুড় মেশানো ভাতও এই উৎসবের অপরিহার্য অংশ। বাংলার রান্নাশিল্প এবং খাদ্য সংস্কৃতির সঙ্গে নবান্নের সম্পর্ক তাই অত্যন্ত গভীর। এটি শুধু খাদ্য গ্রহণের অনুষ্ঠান নয়, বরং পরিবার ও প্রতিবেশীদের মধ্যে আনন্দ বিনিময়ের এক উপলক্ষ।

 গ্রামীণ বাংলায় নবান্ন সামাজিক সম্প্রীতিরও এক উজ্জ্বল উদাহরণ। এই সময় আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে নিমন্ত্রণের রেওয়াজ রয়েছে। নতুন চালের খাবার একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। অনেক গ্রামে নবান্ন উপলক্ষে আয়োজন করা হয় মেলা, লোকসংগীত, যাত্রাপালা, বাউল গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার পরিবেশ মুখরিত হয়ে ওঠে গানের সুরে, আর শিশু-কিশোররা মেতে ওঠে নানা খেলাধুলায়। ফলে নবান্ন কেবল কৃষকের উৎসব নয়, পুরো গ্রামের মানুষের একটি মিলনমেলায় পরিণত হয়।

নবান্নের সঙ্গে আধ্যাত্মিক ও ধর্মীয় অনুভূতিরও সংযোগ রয়েছে। অনেক এলাকায় বিশেষ করে হিন্দুরা নতুন চালের ভাত প্রথমে দেবতার উদ্দেশ্যে নিবেদন করে। শস্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে লক্ষ্মীপূজার আয়োজনও দেখা যায় কোথাও। আর অনেক মুসলিম কৃষক আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন ফসলের শুভসূচনা করেন। এই বৈচিত্র্যময় চর্চা প্রমাণ করে যে নবান্ন মূলত মানুষের শ্রম, প্রকৃতি এবং বিশ্বাসের এক সমন্বিত উৎসব।

বাংলার সাহিত্য ও সংস্কৃতিতেও নবান্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বহু কবি, সাহিত্যিক এবং শিল্পী তাদের সৃষ্টিকর্মে নবান্নের চিত্র তুলে ধরেছেন। বিশেষ করে পল্লী জীবনের আনন্দ, কৃষকের আশা-আকাঙ্ক্ষা এবং ফসল ঘরে তোলার উচ্ছ্বাস নবান্নকে সাহিত্যিক প্রকাশের এক শক্তিশালী উপাদানে পরিণত করেছে। নাট্যকার বিজন ভট্টাচার্যের বিখ্যাত নাটক ‘নবান্ন’ বাংলার কৃষক সমাজের জীবনসংগ্রামকে নতুন মাত্রায় তুলে ধরেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও কৃষি ও গ্রামীণ অর্থনীতির গুরুত্ব¡ উপলব্ধি করে শান্তিনিকেতনে নবান্ন উদযাপনের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। আজও সেখানে ধান কাটা, গান, নাচ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই ঐতিহ্য লালিত হচ্ছে।

নবান্নের অর্থনৈতিক গুরুত্বও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধান বিক্রির মাধ্যমে কৃষকের হাতে নগদ অর্থ আসে, যা তার পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণে সহায়তা করে। ঋণ পরিশোধ, নতুন বীজ ক্রয়, কৃষি উপকরণ সংগ্রহ এবং সংসারের অন্যান্য ব্যয় নির্বাহের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ধান কাটা, মাড়াাই, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে নবান্ন কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; এটি গ্রামীণ অর্থনীতির গতিশীলতারও গুরুত্বপূর্ণ অংশ।

সময়ের পরিবর্তনের সঙ্গে নবান্নের চেহারাতেও কিছু পরিবর্তন এসেছে। কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ, নগরায়ণ এবং জীবনধারার দ্রুত পরিবর্তনের কারণে অনেক পুরোনো রীতি আজ আর আগের মতো দেখা যায় না। হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার অনেক ঐতিহ্য। ঢেঁকিতে ধান ভানার দৃশ্য এখন প্রায় হারিয়েই গেছে। যৌথ পরিবারের সংখ্যা কমে যাওয়ায় অনেক ক্ষেত্রে উৎসবের পরিসরও সংকুচিত হয়েছে। শহরমুখী কর্মসংস্থানের কারণে অনেক তরুণ নবান্নের সময় নিজ গ্রামে উপস্থিত থাকতে পারেন না। ফলে উৎসবের কিছু ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

তবে আশার কথা হলো, নবান্ন এখনও তার স্বকীয়তা ধরে রেখেছে। শহরাঞ্চলেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের উদ্যোগে নবান্ন উৎসব পালিত হচ্ছে। পিঠা উৎসব, লোকসংগীতের অনুষ্ঠান এবং কৃষিভিত্তিক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাদের নবান্ন উদযাপনের ছবি ও স্মৃতি শেয়ার করছেন, যা উৎসবটিকে নতুন প্রেক্ষাপটে জনপ্রিয় করে তুলছে।

 বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং কৃষিজীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নবান্নের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতার সব অগ্রগতির পেছনে খাদ্য উৎপাদন এবং কৃষকের অবদান কতটা গুরুত্বপূর্ণ। আধুনিক নগরজীবনের ব্যস্ততার মধ্যেও নবান্ন আমাদের শিকড়ের দিকে ফিরে তাকাতে শেখায়। নতুন ধানের প্রতিটি শিষ যেন কৃষকের ঘাম, সংগ্রাম এবং আশার গল্প বহন করে।

নবান্ন কেবল নতুন অন্নের উৎসব নয়; এটি বাংলার আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। নতুন ধানের ঘ্রাণ, পিঠাপুলির স্বাদ, পারিবারিক মিলন, সামাজিক সম্প্রীতি এবং কৃষকের শ্রমের প্রতি শ্রদ্ধা মিলিয়ে নবান্ন হয়ে উঠুক বাঙালির প্রাণের উৎসব। যুগ বদলেছে, জীবনধারা বদলেছে, কিন্তু নবান্নের আবেদন আজও অমলিন। কারণ এই উৎসবের মূলে রয়েছে মাটি, মানুষ এবং জীবনের প্রতি গভীর ভালোবাসা; আর সেই ভালোবাসাই প্রজন্মের পর প্রজন্ম ধরে নবান্নকে বাংলার হৃদয়ে জীবন্ত করে রেখেছে। তাই গ্রামবাংলার কৃষককে সম্মান জানানোর জন্য হলেও নবান্নের উৎসব বহমান থাকুক যুগ থেকে যুগান্তরে।

অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   বাংলা  ঋতুচক্র  কৃষিকাজ  লোকজ সংস্কৃতি  উৎসব  নবান্ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: