পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

সম্পাদকীয়

মতামত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। বাংলাদেশের প্রথম পারমাণবিক

2026-11-19T05:37:21+00:00
2026-11-19T05:37:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মতামত
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে
পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
সম্পাদকীয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত।   বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন রোসাটোমর সহযোগিতায় নির্মিত হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক। মঙ্গলবার প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হয়; পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় তা আশাব্যঞ্জক। তবে এটি বাণিজ্যিক উৎপাদন নয়, বরং দীর্ঘ কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এই সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো, জ্বালানির উৎস বহুমুখী করা এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে রূপপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরবচ্ছিন্ন ও তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণকারী বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও এ প্রকল্পের বড় দিক।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ দেওয়ার কথা। এরপর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধাপের ফল সন্তোষজনক হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে পরবর্তী পরীক্ষা শুরু হবে। এ সময় ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হবে।


পারমাণবিক বিদ্যুতের সম্ভাবনার পাশাপাশি রয়েছে বিশেষ দায়িত্ব। পরীক্ষামূলক সংযোগের ৮ থেকে ১০ ঘণ্টায় টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় যাচাই করা হবে। পরে আরও পরীক্ষা ও অনুমোদনের ধাপ পেরোতে হবে। প্রতিটি ধাপ যেন নির্ধারিত নিরাপত্তামান, স্বচ্ছতা ও কঠোর তদারকির মধ্য দিয়ে সম্পন্ন হয়— এটাই এখন সবচেয়ে জরুরি। কোনো পর্যায়ে ত্রুটি বা জটিলতা দেখা দিলে তা গোপন না রেখে দ্রুত ও স্পষ্টভাবে জনসাধারণকে জানাতে হবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা শুধু চুল্লি ও যন্ত্রপাতির ওপর নির্ভর করে না; দক্ষ জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, তেজস্ক্রিয় বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার কার্যকর নজরদারিও সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ ইতিবাচক হলেও জাতীয় পর্যায়ে জবাবদিহিতা ও নিরাপত্তার বিকল্প নেই। স্থানীয় জনগণের আস্থা অর্জনে নিয়মিত তথ্য প্রকাশ এবং জরুরি প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছ যোগাযোগও অপরিহার্য।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৭ সালের ৩০ আগস্ট সই হওয়া চুক্তি অনুযায়ী, রূপপুরের ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে। সেখানে তা পুনঃপ্রক্রিয়াজাত ও ব্যবস্থাপনার কথা রয়েছে। তবে জ্বালানি ব্যবহারের পরপরই তা রাশিয়ায় পাঠানো সম্ভব নয়। নির্দিষ্ট সময় নিরাপদে সংরক্ষণ ও শীতল করার পর বিশেষ ব্যবস্থায় পরিবহন করতে হবে। আরেকটি বিষয় মনে রাখা দরকার— উৎপাদনক্ষমতা বাড়লেই বিদ্যুৎব্যবস্থার সব সমস্যার সমাধান হয় না। উৎপাদিত বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে সঞ্চালন ও বিতরণ, গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং অপচয় নিয়ন্ত্রণও জরুরি। পাশাপাশি প্রকল্পের ব্যয়, জ্বালানি সরবরাহ ও দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয়ের বিষয়ে স্বচ্ছ হিসাব থাকা প্রয়োজন।

রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। এখন লক্ষ্য হওয়া উচিত তাড়াহুড়ো নয়, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করে বাণিজ্যিক উৎপাদনে পৌঁছানো। নিরাপত্তা, দক্ষতা ও জনআস্থা নিশ্চিত করা গেলে রূপপুর বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে— এটাই আমাদের বিশ্বাস।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   পারমাণবিক  বিদ্যুত  যুগ  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: