আইসিজের রায় প্রত্যাবাসনের পথ কতটা খুলবে?

মো. নূর হামজা পিয়াস

মতামত

দীর্ঘ নয় বছর ধরে চলা নির্যাতন ও বিচারপ্রত্যাশার পর রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ২০১৭ সালে

2026-11-22T04:09:22+00:00
2026-11-22T04:09:22+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
মতামত
রোহিঙ্গা গণহত্যার বিচার
আইসিজের রায় প্রত্যাবাসনের পথ কতটা খুলবে?
মো. নূর হামজা পিয়াস
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:০৯ এএম 
গ্রাফিক : সময়ের আলো
দীর্ঘ নয় বছর ধরে চলা নির্যাতন ও বিচারপ্রত্যাশার পর রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানের পর যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল, তার বিচারিক স্বীকৃতির জন্য বিশ্ববাসী দীর্ঘদিন অপেক্ষা করেছে। অবশেষে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সেই প্রতীক্ষিত রায় ঘোষণা করেছেন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ইতিহাসে এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আইসিজে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার রাষ্ট্রকে দায়ী করেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো। এর আগে রুয়ান্ডা ও সাবেক যুগোসøাভিয়ার গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে ব্যক্তিবিশেষের অপরাধের বিচার হয়েছে। কিন্তু মিয়ানমারের ক্ষেত্রে রাষ্ট্রের দায় প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক আইনে নতুন একটি নজির তৈরি হলো।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনার পর বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ আদালত ৯-৬ ভোটে রায় ঘোষণা করেন। আদালত বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে দেশটি ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের অধীনে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এই রায় প্রমাণ করে, রাখাইনে সংঘটিত নৃশংসতা নিছক কোনো সামরিক অভিযান ছিল না। এর পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।

রায়ে আদালত মিয়ানমারকে গণহত্যার সঙ্গে জড়িত বলে যুক্তিসংগতভাবে সন্দেহ করা ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থাও করতে হবে। পাশাপাশি, গণহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও আদালত নির্ধারণ করেছেন। এই নির্দেশনা মিয়ানমারের রাষ্ট্রীয় নেতৃত্বের ওপর বড় ধরনের আইনি চাপ সৃষ্টি করেছে।

এই ঐতিহাসিক আইনি সাফল্যের পেছনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। পরবর্তী সময়ে কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশ মামলায় হস্তক্ষেপ করে। তাদের অংশগ্রহণ মামলার আইনি গুরুত্ব আরও বাড়িয়েছে। ভৌগোলিকভাবে বহু দূরে অবস্থিত একটি দেশের মানুষের ন্যায়বিচারের জন্য গাম্বিয়ার এই উদ্যোগ প্রমাণ করেছে, মানবাধিকার রক্ষায় ভৌগোলিক দূরত্ব কোনো বাধা হতে পারে না।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর মুখে প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। আগে থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে মিলিয়ে বর্তমানে এ দেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সীমিত সম্পদ ও বিপুল জনসংখ্যার চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছে। আইসিজের এই রায় রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের বিচারিক স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানও আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী হয়েছে।

টানা নয় বছর ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ নানা সংকটের মুখে পড়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় শরণার্থী শিবির স্থাপন করতে গিয়ে সংরক্ষিত বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে পরিবেশগত বিপর্যয়। স্থানীয় শ্রমবাজারেও এর প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের ওপর চাপ বেড়েছে। পাশাপাশি, মাদক চোরাচালান, অপহরণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বিপুলসংখ্যক শরণার্থীর খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটানো বাংলাদেশের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

আইসিজের রায় চূড়ান্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই। ফলে রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জরুরি। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো পক্ষ আদালতের রায় বাস্তবায়ন না করলে অন্য পক্ষ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ বা সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু অতীতে মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে দেশটির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়েছে। এবারও রায় বাস্তবায়নে পরাশক্তিগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বাংলাদেশ শুরু থেকেই বলে আসছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। আইসিজের এই রায় সেই দাবিকে শক্তিশালী আইনি ও নৈতিক ভিত্তি দিয়েছে। রোহিঙ্গারা যে মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী, তাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে এবং তাদের অধিকার যে আন্তর্জাতিক আইনে সুরক্ষিত— আদালতের রায় এসব বিষয় প্রতিষ্ঠা করেছে। ফলে রোহিঙ্গাদের ‘বাঙালি অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের নাগরিকত্ব ও পরিচয়ের অধিকার অস্বীকার করার সুযোগ মিয়ানমারের জন্য আরও সংকুচিত হয়েছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে।

আইসিজেতে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারিত হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ব্যক্তিবিশেষের ফৌজদারি দায় নির্ধারণের বিষয়টি আলাদা। আইসিজের রায় আইসিসির বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এই রায় থেকে স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা দণ্ড নিশ্চিত হয় না। আইসিসিকে নিজস্ব এখতিয়ার ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত দায় নির্ধারণের ক্ষেত্রেও এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।

বর্তমানে মিয়ানমারের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি অত্যন্ত জটিল। সামরিক জান্তা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরোধের মুখে রয়েছে। উত্তর রাখাইন রাজ্যের বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই পরিবর্তিত বাস্তবতায় রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়েছে। প্রত্যাবাসনের উদ্যোগ নিতে হলে মিয়ানমারের কেন্দ্রীয় কর্তৃপক্ষের পাশাপাশি রাখাইনে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও প্রয়োজনীয় যোগাযোগ রাখতে হবে। বিশেষ করে সেখানে অবস্থানরত রোহিঙ্গারা যাতে নতুন করে নির্যাতন ও বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

আইসিজের এই রায়কে কূটনৈতিক সাফল্যে রূপ দিতে বাংলাদেশকে আরও সক্রিয় ও দূরদর্শী ভূমিকা নিতে হবে। ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। মিয়ানমারের ওপর সমন্বিত কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে চীন ও ভারতকে রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাতে হবে। তাদের বোঝাতে হবে, এই সংকট দীর্ঘায়িত হলে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে।

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের এই রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বের সব নিপীড়িত ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্যও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কোনো জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালালেই দায় এড়ানো যায় না— এই রায় সেই বার্তা দিয়েছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়েছে, কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। গণহত্যার মতো গুরুতর অপরাধের বিচার ও দায় নির্ধারণে আন্তর্জাতিক আদালতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই রায় তারই প্রমাণ।

দীর্ঘদিন ধরে বিচার ও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের কাছে এই রায় এক বড় স্বীকৃতি। তবে শুধু রায় ঘোষণার মধ্য দিয়ে তাদের দুর্ভোগের অবসান হবে না। ২০১৭ সালের গণহত্যার তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও স্মৃতি সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই বর্বরতার ইতিহাস জানতে পারে। নির্যাতনের শিকার নারী ও শিশুদের মানসিক ক্ষত কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি সহায়তা দিতে হবে। শরণার্থী শিবিরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে।

অপরাধীদের বিচার ও শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে তাদের নিজ মাতৃভূমি রাখাইনে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। আইসিজের ঐতিহাসিক রায়ের প্রকৃত সার্থকতা নির্ভর করবে এসব উদ্যোগ কতটা বাস্তবায়িত হচ্ছে তার ওপর।

শিক্ষার্থী, আইন বিভাগ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   রোহিঙ্গা  গণহত্যা  বিচার  আইসিজে  রায়  প্রত্যাবাসন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: