গ্রাফিক : সময়ের আলো ভাষার মর্যাদা রক্ষার একটি বাস্তব কাজ হলো পরবর্তী প্রজন্মকে ভাষাটি যত্ন করে শেখানো। তার জন্য শিক্ষকের প্রস্তুতি প্রয়োজন। কারণ একটি শিশু বিদ্যালয়ে এসে বইয়ের অক্ষরের পাশাপাশি শিক্ষকের মুখের ভাষাটিও শেখে। আমাদের শিক্ষা পরিকল্পনায় ভবন আছে, বই আছে, প্রযুক্তি আছে, নানা ধরনের প্রশিক্ষণও আছে। এবার শিক্ষকের কণ্ঠ, উচ্চারণ ও বাচনদক্ষতাকে আরও গুরুত্ব দিয়ে ভাবা দরকার।
একটি শিশু যখন প্রথম বিদ্যালয়ে যায়, তখন তার কাছে শিক্ষকই ভাষার সবচেয়ে বড় উদাহরণ। বাড়িতে সে কথা বলতে শিখেছে মা-বাবা ও স্বজনদের কাছ থেকে। বিদ্যালয়ে এসে শোনে আরেক ধরনের ভাষা। শিক্ষক যেভাবে শব্দ উচ্চারণ করেন, বাক্য বলেন, ছড়া পড়েন, শিশুও সেভাবেই বলতে চেষ্টা করে। এই অনুকরণের মধ্য দিয়েই তার প্রাতিষ্ঠানিক ভাষাশিক্ষা শুরু হয়।
চার দশকেরও বেশি সময় ধরে আবৃত্তি ও উচ্চারণ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছি। দেশের নানা প্রান্তে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এই দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, বাংলা ভাষায় পড়তে ও লিখতে পারার সঙ্গে স্পষ্ট ও প্রমিত উচ্চারণে কথা বলার দক্ষতার যথেষ্ট পার্থক্য রয়েছে। অনেক শিক্ষিত মানুষও শব্দের উচ্চারণ, বাক্যের স্বাভাবিক ছন্দ, বিরতি কিংবা স্বরের ব্যবহার নিয়ে সচেতন নন। শিক্ষকদের মধ্যেও এমন সীমাবদ্ধতা দেখা যায়। তবে কতজন শিক্ষক এ সমস্যার মুখোমুখি, তা নির্ধারণের জন্য জাতীয় পর্যায়ে সমীক্ষা প্রয়োজন।
আমাদের প্রাথমিক শিক্ষায় বাংলা পড়ানো হয়, ব্যাকরণ শেখানো হয়, বানান শেখানো হয়। কিন্তু উচ্চারণ শেখানো হয় কতটা? একটি শব্দ কীভাবে তৈরি হচ্ছে, কোন ধ্বনি উচ্চারণে জিহ্বা কোথায় থাকবে, ঠোঁটের ভূমিকা কী, বাক্যের কোথায় বিরতি দিতে হবে, কোন শব্দে স্বরের পরিবর্তনে অর্থের প্রকাশ বদলে যায়— এসব বিষয়ে শিক্ষকের ব্যবহারিক ধারণা থাকা প্রয়োজন।
বাংলা বর্ণমালা জানা আর বাংলা ধ্বনির প্রকৃতি বোঝা এক কথা নয়। বাংলা বানান ও উচ্চারণের সম্পর্কও সবসময় সরল নয়। আমরা লিখি একভাবে, অনেক শব্দ উচ্চারণ করি অন্যভাবে। কোথাও ধ্বনির পরিবর্তন ঘটে, কোথাও বর্ণের ঐতিহাসিক রূপ বজায় থাকে। ফলে শিক্ষক নিজেই যদি এসব বিষয়ে পর্যাপ্ত ধারণা না রাখেন, তা হলে শিশুকে যথাযথভাবে শেখাবেন কী করে?
এখানে আঞ্চলিক ভাষার প্রসঙ্গটি পরিষ্কার করা দরকার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব ভাষা ও উচ্চারণভঙ্গি রয়েছে। কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল কিংবা রাজশাহীর মানুষের মুখের ভাষায় পার্থক্য থাকবেই। এসব ভাষার কোনোটি ভুল নয়, বরং এই বৈচিত্র্য বাংলা ভাষার সম্পদ। প্রমিত উচ্চারণ শেখানোর অর্থ আঞ্চলিক ভাষাকে বাদ দেওয়া নয়। শিশুকে তার নিজের ভাষার পাশাপাশি প্রমিত বাংলায় কথা বলার দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া। যাতে প্রয়োজন অনুযায়ী সে উভয় ভাষারীতি ব্যবহার করতে পারে।
সমস্যা হয় তখনই, যখন আমরা প্রমিত ভাষার শিক্ষা আর আঞ্চলিক ভাষার মর্যাদাকে পরস্পরের প্রতিপক্ষ করে ফেলি। ভাষাশিক্ষায় এই সংকীর্ণতা থাকা উচিত নয়।
শিশুর ভাষা শেখার ক্ষেত্রে শ্রবণের গুরুত্ব অনেক। সে আগে শোনে, তারপর অনুকরণ করে। ধীরে ধীরে শব্দের অর্থ বোঝে, বাক্য গঠন করে, নিজের অনুভূতি প্রকাশ করতে শেখে। তাই প্রাক-প্রাথমিক স্তর থেকেই শ্রবণ ও বাচনচর্চার একটি পরিকল্পিত ব্যবস্থা থাকা প্রয়োজন।
এই বয়সে শিশুকে কঠিন ধ্বনিতত্ত্ব শেখানোর প্রশ্ন আসে না। সে শিখবে খেলতে খেলতে। ছড়া বলবে, গল্প শুনবে, ছবি দেখে কথা বলবে, গান গাইবে। শিক্ষক তার উচ্চারণ শুনবেন, প্রয়োজনে সঠিক রূপটি আবার বলবেন। শিশুকে ভুলের জন্য বিব্রত করবেন না; বরং এমন পরিবেশ তৈরি করবেন, যেখানে সে নির্ভয়ে কথা বলতে পারে।
আমাদের বিদ্যালয়গুলোতে ছড়া, কবিতা, গান ও গল্পের চর্চা রয়েছে। কিন্তু এগুলোকে ভাষাশিক্ষার নিয়মিত অনুশীলন হিসেবে আরও কার্যকরভাবে ব্যবহার করার সুযোগ আছে। অনেক সময় আবৃত্তি বা গল্প বলা সীমাবদ্ধ থাকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস কিংবা প্রতিযোগিতার মধ্যে। অথচ প্রতিদিনের পাঠদানেই এসবের ব্যবহার সম্ভব।
একটি ছড়ার মধ্য দিয়ে শিশু ধ্বনি ও ছন্দের সঙ্গে পরিচিত হয়। কবিতা পড়তে গিয়ে শব্দের অর্থ, বাক্যের গতি ও বিরতির সম্পর্ক বুঝতে শেখে। গল্প বলতে গিয়ে নিজের ভাষায় চিন্তা সাজায়। অন্যের কথা শুনতে গিয়ে মনোযোগী হয়। এই চর্চাগুলোকে আমরা যদি নিয়মিত শ্রেণিকক্ষের কাজে যুক্ত করতে পারি, তা হলে ভাষাশিক্ষা আরও প্রাণবন্ত হতে পারে।
আমাদের দেশে দীর্ঘদিন ধরে আবৃত্তিচর্চার একটি ধারা গড়ে উঠেছে। বহু শিল্পী ও প্রশিক্ষক বাংলা উচ্চারণ, বাচনভঙ্গি, স্বরপ্রক্ষেপণ, ছন্দ, কণ্ঠের ব্যবহার এবং কবিতার অর্থবোধ নিয়ে কাজ করছেন। তাদের এই অভিজ্ঞতা মূলত ব্যবহারিক। শব্দ কীভাবে উচ্চারিত হচ্ছে, কোথায় স্বর উঠছে বা নামছে, কোন বিরতি বাক্যের অর্থকে স্পষ্ট করছে, কীভাবে কণ্ঠের স্বাভাবিক ব্যবহার বজায় রেখে কথা বলতে হয়— এসব তাদের নিয়মিত চর্চার বিষয়।
এই অভিজ্ঞতাকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের কাজে ব্যবহার করা যায় না কেন? অবশ্য একজন ভালো আবৃত্তিশিল্পী হলেই তিনি ভালো শিক্ষক প্রশিক্ষক হবেন, এমন নিশ্চয়তা নেই। শিশুর মনস্তত্ত্ব, বয়সভিত্তিক ভাষাবিকাশ এবং শ্রেণিকক্ষে শেখানোর পদ্ধতি সম্পর্কে ধারণা থাকা জরুরি। সে জন্য ভাষাবিজ্ঞানী, শিশুশিক্ষা বিশেষজ্ঞ, অভিজ্ঞ প্রাথমিক শিক্ষক এবং দক্ষ আবৃত্তি প্রশিক্ষকদের একসঙ্গে কাজ করতে হবে। এক পক্ষের তাত্ত্বিক জ্ঞান আর অন্য পক্ষের ব্যবহারিক অভিজ্ঞতা মিলিয়ে একটি কার্যকর প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা সম্ভব।
আমাদের লক্ষ্য শিক্ষককে আবৃত্তিশিল্পী বানানো নয়। একজন শিক্ষক যেন একটি কবিতা অর্থ বুঝে পড়তে পারেন, গল্পের চরিত্রগুলোকে কণ্ঠে জীবন্ত করে তুলতে পারেন, একটি বাক্য স্পষ্টভাবে বলতে পারেন এবং শিশুকে স্বাভাবিকভাবে কথা বলার সাহস দিতে পারেন— এটুকুই বড় অর্জন।
শিক্ষকের কণ্ঠেরও যত্ন প্রয়োজন। দীর্ঘ সময় শ্রেণিকক্ষে কথা বলতে হয় তাকে। অথচ কণ্ঠের স্বাভাবিক ব্যবহার, শ্বাসের সঙ্গে বাক্যের সমন্বয়, অপ্রয়োজনীয় চাপ ছাড়া কথা বলা কিংবা স্বরকে শ্রুতিগ্রাহ্য রাখার সহজ কৌশল নিয়ে কতজন শিক্ষক প্রশিক্ষণ পান? এই বিষয়গুলোও বাচনদক্ষতার প্রশিক্ষণে যুক্ত করা যেতে পারে।
বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রমিত বাংলা উচ্চারণ, বাচনদক্ষতা ও সাংস্কৃতিক বিকাশের জন্য পাঁচ বছর মেয়াদি একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
প্রথমে শিক্ষকদের বর্তমান দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজন যাচাই করতে হবে। তারপর বিশেষজ্ঞদের মাধ্যমে একটি প্রশিক্ষণ পাঠক্রম তৈরি করা প্রয়োজন। বাংলা ধ্বনিতত্ত্বের প্রাথমিক ধারণা, উচ্চারণের ব্যবহারিক অনুশীলন, কণ্ঠ ও শ্বাসের স্বাভাবিক ব্যবহার, ছড়া-কবিতা পাঠ, গল্প বলা এবং শিশুর মৌখিক ভাষাবিকাশের পদ্ধতি সেখানে অন্তর্ভুক্ত থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সমন্বয়ে এই কাজ এগিয়ে নেওয়া যেতে পারে। দেশের অভিজ্ঞ ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষকদের অংশগ্রহণে একটি জাতীয় কারিগরি দল গঠন করা সম্ভব।
এই পরিকল্পনার সঙ্গে সাংস্কৃতিক শিক্ষাকেও যুক্ত করতে চাই। কারণ ভাষার সঙ্গে মানুষের সংস্কৃতির সম্পর্ক গভীর। একটি শিশু যখন নিজের এলাকার লোকছড়া শেখে, লোকগান শোনে কিংবা গল্পের মধ্য দিয়ে স্থানীয় জীবনকে চিনতে শেখে, তখন তার ভাষার জগৎও বড় হয়। রবীন্দ্রনাথ, নজরুল, সুকুমার রায়সহ বাংলা শিশুসাহিত্যের নানা রচনা এবং আমাদের লোকসাহিত্যকে বয়স অনুযায়ী ভাষাশিক্ষায় ব্যবহার করা যেতে পারে।
তবে সাংস্কৃতিক পুনর্জাগরণ বলতে আমি শুধু মঞ্চে অনুষ্ঠান আয়োজন বুঝি না। একটি শিশু যেন নিজের কথা বলতে পারে, অন্যের কথা শুনতে শেখে, নিজের সংস্কৃতিকে ভালোবাসে এবং অন্যের ভাষা ও সংস্কৃতিকেও সম্মান করে— এই শিক্ষাটিও তার অংশ।
এখানে সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অভিন্ন মানের প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলা কোনো ব্যক্তি বা সাংস্কৃতিক সংগঠনের একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ, পর্যাপ্ত অর্থায়ন, প্রশিক্ষিত জনবল এবং নিয়মিত মূল্যায়ন। তবে রাষ্ট্রের এই কাজে আমরা, যারা দীর্ঘদিন ধরে আবৃত্তি ও উচ্চারণ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত, সহযোগিতা করতে পারি। আমাদের অভিজ্ঞতা শ্রেণিকক্ষের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর সুযোগ তৈরি হওয়া উচিত। আমি নিজেও আমার দীর্ঘদিনের আবৃত্তিচর্চা, প্রশিক্ষণ ও কণ্ঠসাধনার অভিজ্ঞতা থেকে এই উদ্যোগের প্রয়োজন অনুভব করছি।
ভাষার মর্যাদা রক্ষার একটি বাস্তব কাজ হলো পরবর্তী প্রজন্মকে ভাষাটি যত্ন করে শেখানো। তার জন্য শিক্ষকের প্রস্তুতি প্রয়োজন। কারণ একটি শিশু বিদ্যালয়ে এসে বইয়ের অক্ষরের পাশাপাশি শিক্ষকের মুখের ভাষাটিও শেখে। আমাদের শিক্ষা পরিকল্পনায় ভবন আছে, বই আছে, প্রযুক্তি আছে, নানা ধরনের প্রশিক্ষণও আছে। বার শিক্ষকের কণ্ঠ, উচ্চারণ ও বাচনদক্ষতাকে আরও গুরুত্ব দিয়ে ভাবা দরকার।
শিশুর ভাষাশিক্ষার ভিত গড়ে ওঠে অনেকের হাতে। কিন্তু বিদ্যালয়ে সেই ভিত নির্মাণের প্রথম দায়িত্বটি শিক্ষকের। তাই শিশুর উচ্চারণ সংশোধনের আগে শিক্ষকের উচ্চারণশিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। কাজটি শুরু হোক সেখান থেকেই।
লেখক : আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/এসএকে