বৃক্ষনিধন : গাছের কোনো রাজনৈতিক পরিচয় নেই

জাফর হোসেন জাকির

মতামত

নিষিদ্ধ আ.লীগের সমর্থকরা গোপালগঞ্জে লকডাউন করছেন, কিন্তু কাকে লকডাউন করছেন? নিজেদের? কার দোকান বন্ধ করছেন? নিজেদের লোকের। কার গাছ কাটছেন?

2026-11-24T06:19:42+00:00
2026-11-24T06:19:42+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মতামত
বৃক্ষনিধন : গাছের কোনো রাজনৈতিক পরিচয় নেই
জাফর হোসেন জাকির
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৯ এএম 
গ্রাফিক : সময়ের আলো
নিষিদ্ধ আ.লীগের সমর্থকরা গোপালগঞ্জে লকডাউন করছেন, কিন্তু কাকে লকডাউন করছেন? নিজেদের? কার দোকান বন্ধ করছেন? নিজেদের লোকের। কার গাছ কাটছেন? নিজেদের শহরের। কার রাস্তা অবরোধ করছেন? যে রাস্তা দিয়ে সন্ধ্যায় তাদেরই বাড়ি ফিরতে হবে। রাজনীতির ইতিহাসে অনেক আত্মঘাতী আন্দোলন হয়েছে, কিন্তু নিজের ঘরের দরজায় নিজেই তালা মেরে চাবি পকেটে নিয়ে তারপর দরজা না খুলতে পেরে সরকারের বিরুদ্ধে সেøাগান, এমন সৃজনশীল আন্দোলন সম্ভবত গোপালগঞ্জেই প্রথম।

লকডাউনের সাধারণ নিয়ম খুব সহজ, এক পক্ষ অবরোধ করবে, আরেক পক্ষ অবরুদ্ধ হবে। ক্ষমতাসীনদের ওপর চাপ তৈরি হবে, যানবাহন থামবে, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে, তারপর রাজনৈতিক দরকষাকষির জায়গা তৈরি হবে। গোপালগঞ্জে এসে এই সাধারণ নিয়মটি বিপ্লবী পরিবর্তনের মুখে পড়েছে। এখানে যারা অবরোধ করছেন, তারাই অবরুদ্ধ হচ্ছেন। যারা দোকান বন্ধের নির্দেশ দিচ্ছেন, কয়েক ঘণ্টা পর তাদেরই চাল-ডাল কিংবা ওষুধ কিনতে সেই দোকানে যেতে হবে। যারা সড়কে গাছ ফেলছেন, অসুস্থ স্বজনকে হাসপাতালে নিতে হলে সেই গাছ সরানোর দায়িত্বও শেষ পর্যন্ত তাদেরই নিতে হবে। অর্থাৎ আন্দোলনের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং দর্শক, চারটি চরিত্রে একই রাজনৈতিক পরিবারের সদস্যরা অভিনয় করছেন। এ যেন একক অভিনয়ের নাটক, মঞ্চও নিজেদের, দর্শকও নিজেদের, টিকেটও নিজেরা কেটেছেন, শুধু খলনায়কটি পাওয়া যাচ্ছে না। তাই আপাতত দোকানের শাটারকে খলনায়ক বানানো হয়েছে। 

রাস্তার গাছকে রাষ্ট্রযন্ত্র মনে করে কেটে ফেলা হচ্ছে, নিজে শহরের স্বাভাবিক জীবনকে শত্রুপক্ষ ধরে তার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলছে। দূর থেকে দেখলে মনে হবে গোপালগঞ্জ দখলের লড়াই চলছে। কাছে গেলে দেখা যাবে গোপালগঞ্জকে গোপালগঞ্জের হাত থেকেই রক্ষার চেষ্টা করছেন গোপালগঞ্জের মানুষ। নিষিদ্ধ আ.লীগের রাজনীতিতে যুক্তি বরাবরই বিলাসিতা ছিল। ক্ষমতায় থাকতে তারা রাষ্ট্র আর দলকে এক করে ফেলেছিল। এখন ক্ষমতা হারিয়ে দল, শহর এবং নিজেদের ঘরকেও আলাদা করতে পারছে না। ফলে রাষ্ট্রকে আঘাত করতে গিয়ে বারবার নিজেদের উঠানেই ইট ছুড়ছে।

গোপালগঞ্জের রাজনৈতিক কৌতুকের সবচেয়ে করুণ চিত্র সেই দোকানদার, যিনি গতকাল পর্যন্ত প্রবল আত্মবিশ্বাসে বলে বেড়িয়েছেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। তার কণ্ঠে ছিল প্রত্যাবর্তনের উল্লাস, মুখে ছিল প্রতিপক্ষকে নিয়ে ভেংচি। মনে হয়েছিল আর কিছুক্ষণ পরেই ইতিহাস ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরাবে। নিষিদ্ধ আ.লীগ ফিরবে, পুরোনো ক্ষমতা ফিরবে, সঙ্গে ফিরবে হারিয়ে যাওয়া দাপট। কিন্তু পরদিন সকালে তার দোকানের সামনেই হাজির হচ্ছে নিজের রাজনৈতিক পক্ষের লকডাউন। দোকান খুললে আগুন দেওয়া হবে। 

এখানে ব্যঙ্গটি নিষ্ঠুর, যে রাজনৈতিক শক্তির প্রত্যাবর্তনের আশায় দোকানদার হাসছিলেন, সেই শক্তির সমর্থকরাই এখন তার জীবিকার শাটারে হুমকির নোটিস ঝুলিয়ে দিয়েছে। এটি শুধু একটি দোকান বন্ধ করার ঘটনা নয়, এটি নিষিদ্ধ আ.লীগের রাজনৈতিক দর্শনের সংক্ষিপ্ত সংস্করণ। দলটির কাছে সমর্থকের মূল্য ততক্ষণ— যতক্ষণ তিনি সেøাগান দেবেন, মিছিল করবেন এবং দলের নির্দেশে নিজের স্বার্থ বিসর্জন দেবেন। কিন্তু তিনি যদি সংসার চালাতে চান, দোকান খুলতে চান কিংবা স্বাভাবিক জীবনে ফিরতে চান, তখন তিনিও সন্দেহভাজন। কারণ এই রাজনীতিতে নাগরিক নেই, আছে কেবল কর্মী, জীবিকা নেই, আছে আনুগত্য, মানুষ নেই, আছে ব্যবহারযোগ্য সংখ্যা। দোকানদার গতকাল যে হাসি হেসেছিলেন, আজ সেই হাসির মূল্য দিতে হচ্ছে নামানো শাটারের নিচে বসে।


গোপালগঞ্জের গাছগুলোর রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তারা কোনো মিছিলে যায়নি, স্লোগান দেয়নি, ভোটকেন্দ্র দখল করেনি। বছরের পর বছর রাস্তার পাশে দাঁড়িয়ে রোদে ছায়া দিয়েছে, বৃষ্টিতে মাটি ধরে রেখেছে। তবু এবারের লকডাউনে তাদের ছাড় নেই, কারণ আন্দোলনের জন্য ব্যারিকেড প্রয়োজন। সামনে প্রতিপক্ষ না থাকলে অন্তত রাস্তার ওপর গাছ ফেলে প্রমাণ করতে হবে, একটি ভয়ঙ্কর প্রতিরোধ চলছে। ফলে করাত উঠেছে, গাছ পড়ছে, একটি দুটি, তারপর আরও কয়েকটি। এভাবে যদি চলে মেইন রোডে কাটার মতো গাছ থাকবে কিনা সেটি এখন প্রশ্ন। তখন আন্দোলনের দ্বিতীয় ধাপে কি কাটা হবে? বিদ্যুতের খুঁটি, দোকানের সাইনবোর্ড নাকি নিজেদের বাড়ির আমগাছ? শেষ পর্যন্ত রাস্তার দুই পাশে যদি কিছুই অবশিষ্ট না থাকে, কোদাল নিয়ে রাস্তা কাটার কর্মসূচি নেওয়া যেতে পারে কি? তাতে বিপ্লব পূর্ণতা পাবে। নিজেদের যাতায়াত পুরোপুরি বন্ধ হবে, অ্যাম্বুলেন্স আটকে যাবে, বাজারে পণ্য আসবে না এবং নিষিদ্ধ আ.লীগ গর্ব করে বলতে পারবে, তাদের ডাকা লকডাউন শতভাগ সফল। 

রাজনৈতিক বিশ্লেষক
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   বৃক্ষনিধন  গাছ  রাজনৈতিক পরিচয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: