কূটনৈতিক সমীকরণ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ

মিশফাত আরা মাইশা

মতামত

১৯ নভেম্বর বিকালে কক্সবাজারের জামতলী ক্যাম্পে হেগের রায় পড়া যখন মাঝপথে, তখন নামল বৃষ্টি। টেলিভিশন ঘিরে থাকা মানুষগুলো ভিজলেন, তবু

2026-11-24T06:18:35+00:00
2026-11-24T06:18:35+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মতামত
হেগের ঐতিহাসিক রায়
কূটনৈতিক সমীকরণ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ
মিশফাত আরা মাইশা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
১৯ নভেম্বর বিকালে কক্সবাজারের জামতলী ক্যাম্পে হেগের রায় পড়া যখন মাঝপথে, তখন নামল বৃষ্টি। টেলিভিশন ঘিরে থাকা মানুষগুলো ভিজলেন, তবু কেউ জায়গা ছাড়লেন না। উখিয়া-টেকনাফের অন্য ক্যাম্পগুলোতেও বড় পর্দার সামনে বসে ছিলেন নারী-পুরুষ-শিশু। তাদের মধ্যে ছিলেন সেই মায়েরাও, যারা ২০১৭ সালের আগস্টে কোলের শিশুকে বুকে চেপে নাফ নদ পেরিয়েছিলেন, পেছনে ফেলে এসেছিলেন জ্বলন্ত ঘর আর স্বজনের মরদেহ। তারপর হেগ থেকে ভেসে এলো সেই রায়, যার জন্য প্রায় এক দশকের অপেক্ষা। বিকাল ৫টা ১৩ মিনিটে এক কমিউনিটি নেতা রোহিঙ্গা ভাষায় ভিড়কে জানালেন, আদালত বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা করেছে। এ বছরের জানুয়ারিতেও যাদের নাম বাদ দিয়ে বিবৃতি দিয়েছিল মিয়ানমার সরকার, বিশ্বের সর্বোচ্চ আদালত সেই নাম ধরেই জানিয়ে দিলেন, তারা গণহত্যার শিকার। কেউ দুই হাত তুলে মোনাজাত করলেন, কারও চোখের জল আর বাঁধ মানল না। সে কান্না শুধু শোকের ছিল না বরং সত্যকে স্বীকৃতি পেতে দেখার কান্না।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের দায়ে দায়ী করা হলো। ২০০৭ সালে বসনিয়া বনাম সার্বিয়া মামলায় আদালত এতদূর যাননি। সেখানে সার্বিয়ার দায় সীমিত ছিল গণহত্যা ঠেকাতে ও অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থতার কারণে। এবার ৯-৬ ভোটে আদালত বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, উত্তর রাখাইনের তিনটি টাউনশিপের প্রায় ৪০০ গ্রাম আংশিক বা পুরোপুরি ধ্বংস করা হয়েছে, নারীরা শিকার হয়েছেন ব্যাপক যৌন সহিংসতার। গুঁড়িয়ে দেওয়া গ্রামের জমিতে বসানো হয়েছে নিরাপত্তা বাহিনীর ঘাঁটি, আনা হয়েছে অ-রোহিঙ্গা বসতি। 

আদালতের ভাষায়, এসব প্রমাণ থেকে বলা যায় এমন— ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’ হলো রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংসের অভিপ্রায় করা হয়েছে। মিয়ানমার দাবি করেছিল, এটি ছিল বিদ্রোহ দমনের অভিযান। আদালত সেই ব্যাখ্যা নাকচ করেছেন। এ অর্জনের জন্য আমরা গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞ। ২০১৯ সালে ওআইসির সমর্থনে আফ্রিকার ছোট্ট দেশটি এই মামলা না করলে আজকের দিনটি আসত না। আরও ১১টি দেশ মামলায় হস্তক্ষেপ করে গাম্বিয়ার পাশে দাঁড়িয়েছিল।

আইনের দিক থেকে মিয়ানমারের পালানোর পথ নেই। এ মামলাতেই ২০২০ সালের জানুয়ারিতে আদালত সর্বসম্মতভাবে অন্তর্বর্তী আদেশ দিয়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের রক্ষার নির্দেশ দিয়েছিলেন। এবার এলো চূড়ান্ত রায়। আইসিজে সংবিধির ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক ও চূড়ান্ত, আপিলের কোনো সুযোগ নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র যে মামলার পক্ষ, সেই মামলায় আদালতের রায় মানতে সে অঙ্গীকারবদ্ধ। 
এক পক্ষ রায় অমান্য করলে অপর পক্ষ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। ১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রথম অনুচ্ছেদ সনদের সব পক্ষরাষ্ট্রকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তির দায়ে বেঁধেছে। আদালত মিয়ানমারকে সনদ কার্যকর করতে আইন প্রণয়ন, দায়ীদের বিচার, পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। পূর্বাবস্থা ফেরানোর পদক্ষেপ ও ক্ষতিপূরণ নিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদনও দিতে হবে। 

কিন্তু মিয়ানমার কী করবে, তার আভাস পরদিনই মিলেছে। দেশটির সরকারি মুখপাত্র রায়কে ‘ন্যায্য নয়’ বলেছেন, যুক্তি দিয়েছেন যে সিদ্ধান্তটি সর্বসম্মত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিকার মানার কোনো প্রতিশ্রুতি দেয়নি। শুধু বলেছে, ‘পরিস্থিতি অনুমতি দিলে’ শরণার্থীদের ফেরত নেওয়া হবে। ছয় বিচারকের ভিন্নমতকে নেপিডো প্রচারের অস্ত্র বানাবে, সন্দেহ নেই। তবে আইনের চোখে সংখ্যাগরিষ্ঠের মতোই আদালতের রায়। ৯-৬ হোক বা ১৫-০, বাধ্যবাধকতা একই। অস্বস্তিকর সত্য হলো, ২০১৭ সালের অভিযানের নেতৃত্ব যিনি দিয়েছিলেন, সেই মিন অং হ্লাইং এখন মিয়ানমারের প্রেসিডেন্ট। যার কাঠগড়ায় দাঁড়ানোর কথা, তার সরকারকেই দায়ীদের বিচার করতে বলা হচ্ছে। তার ওপর রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির দখলে, যা দেখিয়ে দায় এড়ানোর চেষ্টাও চলতে পারে।

জাতিসংঘের হাতে কাগজে অনেক কিছু থাকলেও বাস্তবে পথ কঠিন। আইসিজের নিজের কোনো পুলিশ বা বাহিনী নেই। সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী রায় কার্যকর করতে নিরাপত্তা পরিষদ সুপারিশ করতে বা ব্যবস্থা নিতে পারে। যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে। কিন্তু পরিষদের সিদ্ধান্তে ভেটোর দেয়াল আছে। ১৯৮৬ সালে নিকারাগুয়া মামলার রায় বাস্তবায়নের প্রস্তাব আটকে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ভেটোতে। এবার চীন বলেছে, এ ধরনের রায় ‘বিরোধ নিষ্পত্তির সহায়ক নয়’। বিশ্লেষকদের আশঙ্কা, যেকোনো নিষেধাজ্ঞার প্রস্তাব চীন ও রাশিয়া আটকে দেবে। সে ক্ষেত্রে সাধারণ পরিষদ প্রস্তাব নিতে পারে, যদিও তা বাধ্যতামূলক নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা ও পুরো পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর দাবি তুলেছে। আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে, ব্যক্তির নয়। ২০২৪ সালের নভেম্বরে আইসিসির প্রসিকিউটর মানবতাবিরোধী অপরাধের দায়ে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলেন। এই রায় সেই আবেদনকে আরও ভারী করবে।

দশ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশের হাতে এখন সবচেয়ে শক্ত আইনি দলিল। এই ভার নতুন নয়। ১৯৭৮ সালে প্রায় ২ লাখ এবং ১৯৯১-৯২ সালে প্রায় ২ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল। তখন অনেকে ফিরেও গিয়েছিলেন। কিন্তু ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে রাষ্ট্রহীন করে দেওয়া একটি জনগোষ্ঠীর মৌলিক প্রশ্ন মেটেনি বলেই তাদের বারবার পালিয়ে আসতে হয়েছে। এতদিন প্রত্যাবাসন ছিল দ্বিপক্ষীয় দরকষাকষি আর মিয়ানমারের সদিচ্ছার বিষয়। এখন তা আন্তর্জাতিক আদালতের নির্দেশিত আইনি বাধ্যবাধকতা। মিয়ানমারকে রোহিঙ্গাদের নিজ বাসস্থানে, অর্থাৎ নিজেদের ভিটেমাটিতে ফেরার ব্যবস্থা করতে হবে। 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কুতুপালংয়ে রোহিঙ্গাদের সমাবেশে বলেছেন, এই রায় যেন কাগজে আটকে না থাকে। আমরা মনে করি, এ জন্য ঢাকাকে তিনটি কাজ করতে হবে। এক— দুই বছরের প্রতিবেদনের সময়সীমাকে কূটনৈতিক ঘড়ি বানিয়ে গাম্বিয়া, ওআইসি ও যুক্তরাজ্যের সঙ্গে মিলে প্রতিটি ফোরামে মিয়ানমারের অগ্রগতির হিসাব চাইতে হবে। দুই— বেইজিংকে বোঝাতে হবে, রাখাইনের কিয়াকফিউ বন্দর ও অর্থনৈতিক অঞ্চলে তার কয়েকশ কোটি ডলারের বিনিয়োগের নিরাপত্তাও এই সংকটের সমাধানের ওপর নির্ভরশীল। তিন— আরাকান আর্মির বাস্তব নিয়ন্ত্রণ মাথায় রেখে প্রত্যাবাসনের ব্যবহারিক কাঠামো ভাবতে হবে, যেখানে রোহিঙ্গাদের নিজেদের কণ্ঠ থাকবে। রায়ের উচ্ছ্বাসে ক্যাম্পের মানবিক সহায়তা যেন কমে না যায়।

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের সহ-সভাপতি নে সান লুইন বলেছেন, কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, জবাবদিহির পথ ধরেই রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পরিচয়ের স্বীকৃতি ফিরিয়ে দিতে হবে। হেগ সেই সত্য প্রতিষ্ঠা করেছে, যা আর কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু স্বীকৃতি আর ন্যায়বিচার এক জিনিস নয়।

যে শিশু ক্যাম্পের বাঁশের ঘরে জন্মেছে, কখনো রাখাইনের মাটি দেখেনি, তার কাছে ন্যায়বিচার মানে একটি ঠিকানা, একটি নাগরিকত্ব, একটি নিরাপদ ভবিষ্যৎ। বৃষ্টিতে ভিজেও যারা সেদিন নড়েননি, তাদের ধৈর্যের প্রতিদান মিলবে সেদিন, যেদিন তারা নিজের গ্রামে মাথা উঁচু করে ফিরতে পারবেন। রায় লেখা হয়ে গেছে। এখন পরীক্ষা বিশ্ব বিবেকের, আর সবার আগে আমাদের কূটনীতির।

শিক্ষার্থী, আইন বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   কূটনৈতিক সমীকরণ  রোহিঙ্গা  ভবিষ্যৎ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: