কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র শিল্পের বিকাশ দরকার

সম্পাদকীয়

মতামত

বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব অনেক। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো, নারী উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল

2026-11-24T06:20:38+00:00
2026-11-24T06:20:38+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মতামত
এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে হবে
কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র শিল্পের বিকাশ দরকার
সম্পাদকীয়
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২০ এএম 
গ্রাফিক : সময়ের আলো
বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব অনেক। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো, নারী উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এ খাত বড় ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের শিল্প খাতের মোট কর্মসংস্থানের ৮৫ শতাংশ আসে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। এর বিপরীতে জিডিপিতে এ খাতের অবদান মাত্র ৩০ শতাংশ। যা অনেক দেশের তুলনায় বেশ কম।

সরকার ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে। এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হচ্ছে। আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। লক্ষ্যগুলো সময়োপযোগী। তবে শুধু লক্ষ্য ঘোষণা করলেই হবে না। লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

পুঁজির সংকটে এসএমই খাতের যথাযথ বিকাশ হচ্ছে না। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়া সহজ নয়। ঋণের শর্ত কঠিন, সুদের হার অনেকের নাগালের বাইরে। প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষ কর্মী পাওয়া বার। পণ্য বাজারজাত করার সুযোগও সীমিত। অনেক উদ্যোক্তার ভালো পণ্য থাকলেও নকশা, মান, প্যাকেজিং ও প্রচারের অভাবে তারা বড় বাজারে প্রবেশ করতে পারেন না। এসব সমস্যা দূর না হলে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগও কাঙ্ক্ষিত ফল দেবে না।

উদ্যোক্তাদের জন্য সহজশর্তে ঋণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা অর্থায়নের ব্যবস্থা রাখা দরকার। ঋণ পেতে যেন কোনো উদ্যোক্তাকে হয়রানি বা অযথা দীর্ঘসূত্রতার শিকার হতে না হয় সেটা নিশ্চিত করতে হবে। ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার প্রক্রিয়াও সহজ করা প্রয়োজন। কর ও অন্যান্য প্রশাসনিক খরচের বোঝা কমানো দরকার। শুধু প্রশিক্ষণ দিলেই উদ্যোক্তা তৈরি হয় না। প্রশিক্ষণের পাশাপাশি পুঁজি, প্রযুক্তি, পরামর্শ ও বাজারের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে।

তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রফতানি সক্ষমতার প্রমাণ দিয়েছে। এখন চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতেও সম্ভাবনা কাজে লাগাতে হবে। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে বড় শিল্পের সহযোগী উৎপাদক হিসেবে গড়ে তোলা প্রয়োজন। 

সরকার জাতীয় এসএমই নীতিমালার খসড়া তৈরি করেছে। নীতিমালাটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা প্রয়োজন। উদ্যোক্তাদের সমস্যার কথা শুনে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। ঋণ বিতরণ, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও রফতানির অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করতে হবে। সরকারি সহায়তা যাতে প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করা জরুরি।

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে শুধু বড় শিল্পের ওপর নির্ভর করলে চলবে না। দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে থাকা ক্ষুদ্র উদ্যোগকে উৎপাদন ও বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। এসএমই খাতের বিকাশ মানে শুধু নতুন ব্যবসা তৈরি নয়, এর অর্থ মানুষের কাজের সুযোগ সৃষ্টি, আয় বাড়ানো এবং অর্থনীতির ভিত্তি মজবুত করা। উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারলেই এসএমই খাত দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   কর্মসংস্থান  উৎপাদন  ক্ষুদ্র শিল্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: