এম. সফিউল আজম চৌধুরী

গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো আধুনিক অর্থনীতি ও সভ্যতার অন্যতম চালিকাশক্তি জ্বালানি। একটি দেশের শিল্পায়ন, কৃষি উৎপাদন, পরিবহনব্যবস্থা ও নাগরিক জীবনের মান সরাসরি নির্ভর করে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের ওপর। বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির বাজারে অস্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার জ্বালানি খাতের সংস্কার, বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, ন্যায্যমূল্য নির্ধারণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এখন এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করে সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দেওয়া জরুরি।
বাংলাদেশের সংবিধানে জ্বালানি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের মালিকানা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সংবিধানের ১৪৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্গত খনিজ ও অন্যান্য মূল্যবান সম্পদ এবং রাষ্ট্রীয় জলসীমা ও মহীসোপানের সম্পদ প্রজাতন্ত্রের ওপর ন্যস্ত। অর্থাৎ দেশের প্রাকৃতিক গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানি সম্পদের মালিক জনগণ। এসব সম্পদ জনগণের কল্যাণেই ব্যবহার করতে হবে। সংবিধানের ১৩ অনুচ্ছেদে উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় রাষ্ট্রীয়, সমবায়ী ও ব্যক্তিগত মালিকানার নীতির কথা বলা হয়েছে। ১৪ অনুচ্ছেদে কৃষক ও শ্রমিককে শোষণ থেকে মুক্ত করার রাষ্ট্রীয় দায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ১৬ ও ১৯ অনুচ্ছেদে গ্রাম-শহরের বৈষম্য দূর করা এবং সামাজিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। সংবিধানের ১৮ক অনুচ্ছেদে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব সাংবিধানিক অঙ্গীকারের আলোকে জ্বালানি খাত পরিচালিত হওয়া প্রয়োজন। জ্বালানি কেবল বাণিজ্যিক পণ্য নয়; এটি মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অধিকারের সঙ্গেও যুক্ত।
দেশের জ্বালানি সংকটের অন্যতম কারণ দীর্ঘমেয়াদি পরিকল্পনার দুর্বলতা এবং আমদানিনির্ভরতা। একসময় দেশের প্রাথমিক জ্বালানির বড় অংশ প্রাকৃতিক গ্যাস থেকে আসত। কিন্তু দেশীয় গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান ও নতুন কূপ খননে যথেষ্ট অগ্রগতি না হওয়ায় স্থানীয় উৎপাদন কমেছে। ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লা ও জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম বাড়লে দেশের অর্থনীতিতেও চাপ তৈরি হয়। এর পাশাপাশি এলপিজি ও পরিবহন জ্বালানির বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির সুযোগ নিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ ভোক্তারা।
বাজারে শৃঙ্খলা ফেরাতে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অতীতের অনিয়ম এবং অযৌক্তিক ব্যয়ের দায়ও পর্যালোচনা করা জরুরি। প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে বিশেষ আইনের আওতায় করা চুক্তি এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার ফলে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। এসব ব্যয়ের স্বচ্ছ পর্যালোচনা এবং অযৌক্তিক চুক্তি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করাও জরুরি।
গণশুনানির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় জ্বালানির মূল্য নির্ধারণ করা হলে ভোক্তাদের স্বার্থ রক্ষা পাবে। সরকারি জ্বালানি প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের হিসাবেও স্বচ্ছতা আনতে হবে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত। আমদানির পেছনে বিপুল বৈদেশিক মুদ্রাও ব্যয় হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও বাড়ছে। এসব বিবেচনায় সৌর, বায়ু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলাদেশে সারা বছর পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। তাই সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে। উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ এবং বড় শহরগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও কাজে লাগানো যেতে পারে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, নেট মিটারিং এবং বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সরকারের উদ্যোগ ইতিবাচক। এসব প্রকল্প সফল হলে আমদানিনির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং কার্বন নিঃসরণও হ্রাস পাবে।
নবায়নযোগ্য জ্বালানির আরেকটি বড় সুবিধা হলো, এতে সাধারণ মানুষও বিদ্যুৎ উৎপাদনে অংশ নিতে পারেন। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস ও শিল্প-কারখানার ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব। নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহও করা যাবে। গ্রামীণ এলাকায় সমবায়ভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হলে কৃষকের ডিজেলনির্ভরতা কমবে। এতে উৎপাদন খরচও হ্রাস পাবে। তবে এসব উদ্যোগ সফল করতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ স্থাপনে সহজশর্তে ঋণ, স্বল্প সুদের দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং সবুজ অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও ক্ষুদ্র উদ্যোক্তারাও উপকৃত হবেন।
জ্বালানি খাতের সংস্কার কার্যকর করতে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। প্রথমত সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ; যেমন— সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি আমদানিতে শুল্ক এবং করের বোঝা কমাতে হবে। দ্বিতীয়ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন এবং নেট মিটারিং সংযোগের ক্ষেত্রে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর দীর্ঘসূত্রতা দূর করতে হবে। এ জন্য ওয়ান স্টপ সেবা চালু করা যেতে পারে। তৃতীয়ত দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গতি বাড়াতে হবে। এ ক্ষেত্রে বাপেক্সসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত অর্থ, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে শক্তিশালী করা জরুরি। স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও অনুসন্ধান কার্যক্রম বাড়াতে হবে।
এলপিজি ও জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি জোরদার করতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, জেলা প্রশাসন ও বিইআরসির সমন্বিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সময় কৃষিজমি রক্ষা করতে হবে। বিশেষ করে তিন ফসলি ও উর্বর জমি ব্যবহার করা যাবে না। অনাবাদি জমি, চরাঞ্চল, উপকূলীয় বাঁধের পাশের জমি, রেললাইন ও মহাসড়কের পাশের পতিত জমি এবং উপযুক্ত পরিত্যক্ত জলাশয় ব্যবহারের সুযোগ খুঁজতে হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প-কারখানায় জ্বালানির অপচয় কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদনে ওঠানামা সামাল দিতে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আধুনিক করতে হবে। সব ধরনের ক্রয় ও চুক্তিতে উন্মুক্ত দরপত্র, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করাও অপরিহার্য।
জ্বালানি খাত কেবল অবকাঠামো ও প্রযুক্তির বিষয় নয়। এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা জড়িত। এ খাতে সংস্কার শুধু নীতিমালা প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, দেশীয় সম্পদের সঠিক ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ভোক্তার স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটতে হবে বাস্তবায়নে। স্বচ্ছতা, জবাবদিহি ও জনঅংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলাদেশ ধীরে ধীরে আমদানিনির্ভরতা কমিয়ে একটি টেকসই, পরিবেশবান্ধব ও জ্বালানি নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে পারবে।
লেখক ও মানবাধিকার কর্মী
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/জেডি