প্রাণিসম্পদে সমৃদ্ধি, রফতানিতে নতুন সম্ভাবনা

মো. সামছুল আলম

মতামত

আবহমান বাংলার গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে প্রাণিসম্পদ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কৃষিনির্ভর এই দেশে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন শুধু

2026-11-26T06:41:57+00:00
2026-11-26T06:41:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মতামত
প্রাণিসম্পদে সমৃদ্ধি, রফতানিতে নতুন সম্ভাবনা
মো. সামছুল আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪১ এএম 
প্রাণিসম্পদে সমৃদ্ধি, রফতানিতে নতুন সম্ভাবনা
প্রাণিসম্পদে সমৃদ্ধি, রফতানিতে নতুন সম্ভাবনা
আবহমান বাংলার গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে প্রাণিসম্পদ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কৃষিনির্ভর এই দেশে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন শুধু পারিবারিক পুষ্টি ও জীবিকার উৎস নয়, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখারও অন্যতম ভিত্তি। সময়ের পরিবর্তনে প্রাণিসম্পদ খাত এখন আর শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বাজারে রফতানি আয়ের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবেও এটি উঠে আসছে। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের সাম্প্রতিক অগ্রগতি আশাব্যঞ্জক। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ খাতে জিডিপির প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। দেশের প্রায় ২০ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে এবং প্রায় ৫০ শতাংশ মানুষ পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। মোট পরিবারের ৪৩ দশমিক ৬৪ শতাংশ কোনো না কোনোভাবে প্রাণিসম্পদ ও পোলট্রি পালনের সঙ্গে যুক্ত। এসব পরিসংখ্যান জাতীয় অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে।

উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের ২০২৫-২৬ অর্থবছরের তথ্য অনুযায়ী দেশে দুধ উৎপাদিত হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন, মাংস ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন এবং ডিম ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ। এই উৎপাদন দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতাও তৈরি করছে।

আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের অবস্থান উল্লেখযোগ্য। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ, ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম এবং এশিয়ায় ডিম উৎপাদনে ১৪তম। এ ছাড়া প্রাণী ও প্রাণীজাত মোট ১৬টি পণ্য আন্তর্জাতিক বাণিজ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে। এসব অর্জন প্রমাণ করে, প্রাণিসম্পদ উৎপাদনে বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এখন প্রয়োজন সেই সক্ষমতাকে আন্তর্জাতিক বাণিজ্যের উপযোগী করে তোলা।

প্রাণিসম্পদ খাতের সবচেয়ে আশাব্যঞ্জক দিক হচ্ছে রফতানি আয়ের সাম্প্রতিক চিত্র। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে প্রাণীজাত পণ্য ও উপজাত রফতানি করে আয় হয়েছে ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার। পরবর্তী ছয় মাস, অর্থাৎ ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলারে। আগের ছয় মাসের তুলনায় এই আয় প্রায় ২১৭ শতাংশ বেশি (সূত্র : প্রাণিসম্পদ অধিদফতর)। রফতানি আয়ের এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণীজাত পণ্যের চাহিদা ও সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত দেয়। তবে এ প্রবৃদ্ধি ধরে রাখতে পণ্যের মান, উৎপাদনব্যবস্থা ও বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রাণিজ পণ্য মালদ্বীপ, কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিসর, কুয়েত, পাকিস্তান, থাইল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, হংকং, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, দুধ ও দুগ্ধজাত পণ্য, দই, রসমালাই, মিষ্টি, বুল স্টিক, জেলাটিন, হাঁসের পালক, গরুর লেজের লোম, কবুতর, ওম্যাজাম, মোগলাই পরোটা, গরু ও মহিষের শিং, টুকরা চামড়া এবং ভেটেরিনারি ওষুধের সম্পূরক উপাদান।

সম্প্রতি রফতানির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম বা হ্যাচিং এগ। ২০২৬ সালের ২৮ জুন কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি ‘রস ৩০৮’ ব্রয়লার প্যারেন্ট হ্যাচিং এগ রফতানি করে। চালানটির মূল্য ছিল প্রায় ১৯ হাজার মার্কিন ডলার। এটি শুধু একটি বাণিজ্যিক সাফল্য নয়, বাংলাদেশের পোলট্রি খাতের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনারও গুরুত্বপূর্ণ স্বীকৃতি। মন্ত্রণালয়ের নেওয়া ২০৩০ সালের মধ্যে পোলট্রি খাতকে রফতানিমুখী করার লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ববাজারে প্রাণিজ পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হালাল মাংস, প্রক্রিয়াজাত খাদ্য, ডিম, দুগ্ধজাত পণ্য এবং চামড়াজাত উপকরণের বড় বাজার রয়েছে। বাংলাদেশের জন্য এসব বাজার অত্যন্ত সম্ভাবনাময়। কারণ এ দেশে রয়েছে বিপুল প্রাণিসম্পদ, উদ্যোক্তা ও খামারি। রয়েছে তুলনামূলক কম উৎপাদন ব্যয় এবং প্রাণিজ খাদ্য উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতা। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী দুগ্ধজাত মিষ্টি, দই ও অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে স্বতন্ত্র পরিচিতি অর্জন করতে পারে। বাংলাদেশে ইতিমধ্যে ১১টি মিষ্টি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এখন প্রয়োজন এসব পণ্যের গুণগত মান, মোড়কজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা।

এই বাস্তবতা সামনে রেখে ২০২৬ সালের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। চলতি মাসের ২৬ থেকে ২৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে এ সপ্তাহ পালিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ জাতীয় প্রাণিসম্পদ পদক। খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে গবাদিপশুর খামার, পোলট্রি, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, প্রাণীর খাদ্য, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, গণমাধ্যম, সমাজভিত্তিক সংগঠন এবং প্রাণী কল্যাণসহ মোট ৯টি বিভাগে এ পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের স্বীকৃতি খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি খাতটির আধুনিকায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এ ছাড়া মানবসম্পদ উন্নয়নে ৫ হাজার ৪৪৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৬ হাজার ৮৩৮ জন সফল উদ্যোক্তাকে তালিকাভুক্ত করা হয়েছে। সারা দেশে ৮৭ হাজার ৫৩৬টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন, গবাদিপশুর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ, রোগ প্রতিরোধে ১৭টি রোগের বিপরীতে ৩৪ কোটি ডোজ টিকা উৎপাদন এবং প্রাণী চিকিৎসাসেবা সম্প্রসারণ এ খাতের সক্ষমতা ও সম্ভাবনা বাড়াচ্ছে।

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা উজ্জ্বল হলেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত প্রাণীর সংক্রামক রোগ, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং দুর্বল জীবাণুনিরাপত্তা ব্যবস্থা নিরাপদ উৎপাদনের পথে বড় বাধা। দ্বিতীয়ত আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, আধুনিক কসাইখানা, প্রক্রিয়াজাতকরণ কারখানা, হিমাগার ও শীতল সরবরাহ ব্যবস্থার (কোল্ড চেইন) সীমাবদ্ধতা রয়েছে। তৃতীয়ত উৎপাদন ব্যয় কমানো এবং মানসম্মত পশুখাদ্যের জোগান নিশ্চিত করা কঠিন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য এ সমস্যা বেশি।

এ ছাড়া আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ও খাদ্যনিরাপত্তার মানদণ্ড, হালাল সনদ এবং পণ্যের উৎস শনাক্ত করার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এসব শর্ত পূরণ করতে না পারলে সম্ভাবনাময় বাজারেও বাংলাদেশের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব, কার্যকর ব্র্যান্ডিং এবং দক্ষ বাজার ব্যবস্থাপনার ঘাটতিও রফতানি সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে।

প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। প্রথমত রোগমুক্ত উৎপাদন অঞ্চল গড়ে তুলতে হবে। অঞ্চলভিত্তিক উৎপাদন ও কঠোর নজরদারির মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি আধুনিক সঙ্গনিরোধ ব্যবস্থা, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, গবাদিপশু ও পোলট্রির টিকাদান কর্মসূচি এবং খামার পর্যায়ে জীবাণুনিরাপত্তা জোরদার করতে হবে। প্রতিটি রফতানিযোগ্য পণ্যের উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। রফতানির উপযোগী বিশেষায়িত প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গড়ে তোলাও সময়ের দাবি। দ্বিতীয়ত উৎপাদন ব্যয় কমানো ও উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাত, মানসম্মত পশুখাদ্য এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দেশে দুধ উৎপাদনে অগ্রগতি হলেও চাহিদার তুলনায় ঘাটতি এখনও রয়েছে। এ ঘাটতি পূরণে উন্নত জাতের গবাদিপশু পালন, সবুজ ঘাসের উৎপাদন, সুষম খাদ্যের জোগান, প্রাণী চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনার আধুনিকায়নে বিনিয়োগ বাড়াতে হবে।

তৃতীয়ত রফতানি বাজার সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানো জরুরি। ক্ষুদ্র উদ্যোক্তা ও খামারিদের পক্ষে এককভাবে আন্তর্জাতিক বাজারের শর্ত পূরণ করা কঠিন। তাই সমবায়ভিত্তিক উৎপাদন, চুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনা, সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, বীমা এবং রফতানি প্রণোদনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের প্রাণিজ পণ্যের পরিচিতি বাড়াতে ব্র্যান্ডিং, বাজার গবেষণা, বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে হবে। বিশেষ করে হালাল অর্থনীতির ক্রমবর্ধমান বাজারকে লক্ষ্য করে মাংস, ডিম, দুগ্ধজাত পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যের জন্য পৃথক রফতানি কৌশল গ্রহণ করা প্রয়োজন।

চতুর্থত প্রাণিসম্পদ খাতের উপজাতকে সম্পদে পরিণত করতে হবে। গরু-মহিষের শিং, হাড়, চামড়া, পশম, পালক ও জেলাটিন থেকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। পাশাপাশি পশুখাদ্য, খৈল, চালের কুঁড়া ও তেলমুক্ত খৈলের মতো পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণেও রফতানির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এখন সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মান, নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে। খামারি, উদ্যোক্তা ও রফতানিকারকদের পাশে থাকতে হবে সরকারকে। সর্বোপরি, সমৃদ্ধ প্রাণিসম্পদ, নিরাপদ উৎপাদন এবং কার্যকর রফতানি ব্যবস্থাপনার সমন্বয়েই প্রাণিসম্পদ খাত হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনীতির নতুন শক্তি।

লেখক : গণযোগাযোগ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মতামত লেখকের নিজস্ব 

সময়ের আলো/এসকে
  বিষয়:   প্রাণিসম্পদ  সমৃদ্ধি  রফতানি  নতুন সম্ভাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: