ড. বিভূতি ভূষণ মিত্র

গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো উপকূলীয় অঞ্চলে অবস্থিত সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এর আয়তন প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। এই বনের অধিকাংশ এলাকায় জোয়ার ভাটা হয়। ফলে এখানকার গাছপালা লবণাক্ত পরিবেশে টিকে থাকার উপযোগী। সুন্দরী, গেওয়া, গরান, বাইন, ধুন্দুল, কেওড়া ও গোলপাতা সুন্দরবনের প্রধান উদ্ভিদ। এ বনের উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ও বানর। সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী রয়েছে। এর মধ্যে ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮ প্রজাতির উভচর প্রাণী রয়েছে। এ ছাড়া রয়েছে মাছসহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী। এখানে প্রায় ৫০ প্রজাতির পাখিও বাস করে। বিভিন্ন তথ্য অনুযায়ী, সুন্দরবনে ২ প্রজাতির উভচর, ১৪ প্রজাতির সরীসৃপ, ২৫ প্রজাতির পাখি ও ৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী হুমকির মুখে রয়েছে।
১৯৯৬ সালে সুন্দরবনে তিনটি অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে এখানে তিনটি ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়। ২০১৪ সালে সোয়াচ অব নো গ্রাউন্ডকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। ১৯৯২ সালে সুন্দরবন ৫৬০তম রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৭ সালে ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় সুন্দরবন সমুদ্রের প্রভাবে গড়ে ওঠা একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র। সৈকত, মোহনা, জলাভূমি ও মাটির বৈশিষ্ট্য এ বনের পরিবেশকে আলাদা করেছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন এখন নানা হুমকির মুখে। ইউনেসকোর এক প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবনের ৭৫ শতাংশ পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। বিভিন্ন সময়ে আইলা, আম্ফান ও ইয়াসের মতো ঘূর্ণিঝড় এ বনের ব্যাপক ক্ষতি করেছে। ঘূর্ণিঝড়ের সময় লবণাক্ত পানি বনে প্রবেশ করে। অন্যদিকে মিষ্টি পানির প্রবাহ কমে যায়। এতে বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। সুন্দরী, কেওড়া, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ মারা যায়। কয়েক বছর আগে ঘূর্ণিঝড় রিমালেও সুন্দরবনের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
রিমালের সময় অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের স্বাদু পানির শতাধিক পুকুর তলিয়ে যায়। একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়ের পর বন বিভাগ ১৩২টি মৃত বন্যপ্রাণী উদ্ধার করে। এর মধ্যে ছিল ১২৭টি হরিণ, চারটি বন্য শূকর ও একটি অজগর।
প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবন আমাদের রক্ষাকবচ হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড়ের গতি ও জলোচ্ছ্বাসের উচ্চতা কমিয়ে উপকূলীয় জনপদকে রক্ষা করে এ বন। ঘূর্ণিঝড় আম্ফানের সময় সুন্দরবনের কারণে ঝড়ের গতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার কমেছিল বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। জলোচ্ছ্বাসের উচ্চতাও তিন থেকে চার ফুট কমে যায়। সুন্দরবন না থাকলে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত। ২০০৭ সালের সিডর ও ২০০৯ সালের আইলার সময়ও সুন্দরবন উপকূলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের এক গবেষণা অনুযায়ী, ঘূর্ণিঝড় সিডরের সময় সুন্দরবন ৪৮৫ দশমিক ২৯ মিলিয়ন ডলারের সম্পদ রক্ষা করেছিল।
এত গুরুত্বপূর্ণ একটি বনকে ঘিরে সম্প্রতি নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টগুলোর কারণে বনের প্রাণ প্রকৃতির ক্ষতি হচ্ছে কি না, তা যাচাই করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ১৮টি রিসোর্ট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জানান, গণমাধ্যমে সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে রিসোর্ট গড়ে তোলার খবর প্রকাশিত হয়েছে। এসব স্থাপনায় কোনো অবৈধ কর্মকাণ্ড চলছে কি না এবং বনের প্রাণ প্রকৃতির ক্ষতি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই তিনি সেখানে গেছেন।
এর আগে ৪ অক্টোবর সুন্দরবনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা ১৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছিল পরিবেশ অধিদফতর। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে ৩০ দিন এবং আটটি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া রিসোর্ট পরিচালনার অভিযোগে প্রথমে প্রতিষ্ঠানগুলোকে নোটিস দেওয়া হয়েছিল। পরে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সুন্দরবনের চারপাশের নির্দিষ্ট এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, এ ধরনের সংবেদনশীল এলাকায় বাণিজ্যিক স্থাপনা বা রিসোর্ট নির্মাণের সুযোগ নেই। কারণ এসব স্থাপনা গড়ে উঠলে সেখানে পর্যটকদের আনাগোনা বাড়বে। উচ্চ শব্দের মাইক ও সাউন্ড বক্সের ব্যবহার, পর্যটকদের হইচই এবং ফেলে যাওয়া প্লাস্টিকের কারণে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
সুন্দরবনের কাছাকাছি রিসোর্ট গড়ে উঠলে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ও পর্যটকদের হইচই লেগেই থাকবে। এতে বনের শান্ত পরিবেশ নষ্ট হবে। হরিণ, বাঘ, পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক চলাচল এবং প্রজনন বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া রিসোর্টগুলোতে রাতের বেলা অতিরিক্ত আলো জ্বালানো হবে। কৃত্রিম আলোর কারণে নিশাচর প্রাণীদের স্বাভাবিক আচরণ ও খাদ্য সংগ্রহে ব্যাঘাত ঘটতে পারে।
বিশেষ করে সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় এ ধরনের স্থাপনা গড়ে উঠলে তা বনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এতে বনের চারপাশের সুরক্ষাবলয় বা বাফার জোন সংকুচিত হবে। ফলে পুরো বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়বে। রিসোর্টে আসা পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য বনের নদী-খালে মিশে পানি ও মাটি দূষিত করতে পারে। এতে মাছসহ জলজ প্রাণীর জীবন বিপন্ন হবে। অন্যদিকে রিসোর্ট নির্মাণের জন্য আশপাশের গাছপালা কাটা হলে কীটপতঙ্গ, পাখি ও ছোট প্রাণীর আবাসস্থল নষ্ট হবে। এর প্রভাব পড়বে বনের খাদ্যশৃঙ্খলেও।
বিভিন্ন তথ্য অনুযায়ী, সুন্দরবনসংলগ্ন এলাকায় বাণিজ্যিকভাবে প্রথম রিসোর্ট নির্মাণ শুরু হয় ২০০৯ সালে। সে সময় বনজীবী, বিদেশি দাতা সংস্থার প্রতিনিধি, গবেষক ও সরকারি কর্মকর্তাদের থাকার জন্য সাতক্ষীরার মুন্সীগঞ্জে ‘টাইগার পয়েন্ট’ নামে একটি রিসোর্ট তৈরি করা হয়। এরপর বিভিন্ন সময় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন এলাকায় আরও রিসোর্ট গড়ে ওঠে।
সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রেখেছে। বারবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে উপকূলের মানুষকে রক্ষা করেছে। অথচ সেই বনের অস্তিত্বই এখন নানা কারণে হুমকির মুখে। সুন্দরবনকে রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। পর্যটনের বিকাশ প্রয়োজন, কিন্তু তা কোনোভাবেই প্রকৃতির ক্ষতির বিনিময়ে হতে পারে না।
সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রাখার শর্তেই পর্যটনকেন্দ্র পরিচালনার অনুমতি দিতে হবে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে এবং পরিবেশ আইন কঠোরভাবে কার্যকর করতে হবে। আশা করি, সরকার এমন সিদ্ধান্ত নেবে, যা সুন্দরবনকে শুধু ধ্বংসের হাত থেকে রক্ষা করবে না বরং এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারেও সহায়তা করবে।
লেখক : পরিবেশবিষয়ক লেখক
(মতামত লেখকের নিজস্ব)
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও