মো. নুরে আলম

ছবি : এআই
ছবি : এআই সন্তান অসুস্থ। শরীরে নানা জটিলতা, নিয়মিত ওষুধ ও নিবিড় পরিচর্যা প্রয়োজন। সেই সন্তানের পাশে থাকার কথা মায়ের। কিন্তু মা কারাগারে। সন্তান বেঁচে থাকতে মায়ের সান্নিধ্য পায়নি। শেষ পর্যন্ত সন্তান মারা গেল। আর মাকে শেষবার সন্তানের মুখ দেখানোর জন্য নিয়ে আসতে হলো কারাফটকে। সেখানে মায়ের জন্য বরাদ্দ ছিল মাত্র দুই মিনিটের মতো সময়।
কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মী ও তার প্রতিবন্ধী সন্তান নিস্বর্গ হোসেন তূর্যের এই ঘটনা আমাদের রাষ্ট্রের মানবিকতা এবং বিচারিক সংস্কৃতি নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে। শারমিনের রাজনৈতিক পরিচয় কিংবা তার বিরুদ্ধে থাকা মামলার অভিযোগ এই প্রশ্নকে ছোট করে না। একজন অভিযুক্তের বিচার হবে প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু তার সন্তান কি রাষ্ট্রের কাছে কোনো অপরাধী ছিল?
১৫ বছর বয়সী তূর্য জন্ম থেকেই শারীরিক জটিলতা ও প্রতিবন্ধিতার সঙ্গে লড়ছিল। তার নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন ছিল। শারমিন গত ৩ অক্টোবর ঢাকার লালবাগ এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার হন। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
তূর্য মায়ের অনুপস্থিতিতে কেমন ছিল, তার পুরো চিত্র হয়তো আমরা জানি না। তবে পরিবারের সদস্যদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো ভিডিওতে এর মর্মান্তিক চিত্র উঠে এসেছে। গ্রেফতারের আগে শারমিন আকুতি জানিয়ে বলেছিলেন, তার প্রতিবন্ধী সন্তানকে সারা রাত ওষুধ দিতে হয় এবং মা-বাবা ছাড়া দেখার কেউ নেই। অন্যদিকে, মায়ের মুক্তির দাবিতে তূর্যের একটি ভিডিওতে শোনা যায় তার অসহায় আর্তনাদ—সংবিধান বলে যদি কিছু থেকে থাকে, তবে সে তার নিরপরাধ মায়ের মুক্তি চায়। অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জীবনে পরিচিত পরিচর্যাকারীর অনুপস্থিতি যে কত বড় সংকট তৈরি করতে পারে, এই ঘটনা তারই নির্মম প্রমাণ।
সন্তানের মৃত্যুর পর শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু স্ত্রীর প্যারোলে মুক্তির জন্য কাশিমপুর কারাগারে গিয়েছিলেন। সেখান থেকে তাকে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়। কিন্তু নিরাপত্তা পরিস্থিতি, পর্যাপ্ত জনবলের অভাব এবং ডিসেম্বর পর্যন্ত বন্দীদের প্যারোলে মুক্তি না দেওয়ার সাধারণ নির্দেশনার কথা জানিয়ে তাকে বাইরে নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। পরে সন্তানের মরদেহ কারাফটকে নিয়ে যাওয়া হয়। সেখানেই নাড়ি ছেঁড়া ধনকে শেষবারের মতো দেখার সুযোগ পান মা, তাও মাত্র দুই মিনিটের জন্য।
কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা নিশ্চিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় এই ব্যবস্থা করা হয়েছে। নিশ্চয়ই কারাগারের নিরাপত্তা ও বিধিবিধানের প্রশ্ন রয়েছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্রীয় দায়িত্বকে কি মানবিক আবেদন প্রত্যাখ্যানের অজুহাত বানিয়ে ফেলা যায়? একজন মায়ের সন্তানের মৃত্যুর পর শেষ দেখা পাওয়ার জন্য যদি বিশেষ ব্যবস্থা করা সম্ভব হয়, তবে সন্তান জীবিত থাকা অবস্থায় তার পরিচর্যা ও মায়ের সান্নিধ্যের প্রয়োজন বিবেচনা করা হয়েছিল কি না, সেই প্রশ্নও সামনে আসা উচিত।
এখানে শারমিনের বিরুদ্ধে থাকা অভিযোগকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তদন্ত ও বিচার হবে। অসুস্থ সন্তানের মা হওয়া অপরাধের দায়মুক্তি দেয় না। কিন্তু অভিযোগ ওঠা এবং অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। আইনের মৌলিক নীতি অনুযায়ী, বিচারপূর্ব কারাবাসকে কখনোই শাস্তির বিকল্প করা যায় না। বিচারাধীন একজন মানুষের ওপর নির্ভরশীল সন্তানদের নিরাপত্তা ও পরিচর্যার দায়িত্ব রাষ্ট্রের বিবেচনার বাইরে থাকতে পারে না, বিশেষ করে যখন সন্তানটি প্রতিবন্ধী ও নিয়মিত চিকিৎসার ওপর নির্ভরশীল।
একজনকে গ্রেফতার করার সিদ্ধান্তের সঙ্গে তার পুরো পরিবারের জীবনও বদলে যায়। এখানেই ঢালাও মামলা, গ্রেফতার এবং ঢালাওভাবে জামিন প্রত্যাখ্যানের আইনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। জামিনের ক্ষেত্রে অভিযোগের গুরুত্ব, প্রাথমিক তথ্য-প্রমাণ কিংবা তদন্তে বাধা দেওয়ার আশঙ্কার পাশাপাশি অভিযুক্তের বিশেষ মানবিক পরিস্থিতিও আদালতের বিবেচনায় আসা প্রয়োজন। সবার আবেদন একই ছাঁচে ফেলে নামঞ্জুর করা হলে বিচারিক বিবেচনার জায়গাটি সংকুচিত হয়ে পড়ে। একইভাবে, জামিন ও প্যারোল দুটি পৃথক আইনি প্রক্রিয়া। বিশেষ পরিস্থিতিতে প্যারোলের সাধারণ নির্দেশনা শিথিল করার সুযোগ না থাকলে আইনের মানবিক মুখটিই আড়ালে পড়ে যায়।
তূর্যের মৃত্যু কী কারণে হয়েছে, তা নিয়ে অনুমান করা ঠিক হবে না। কিন্তু সংবিধানের কাছে আশ্রয় চাওয়া একটি শিশু তার জীবনের শেষ সময়ে মায়ের সান্নিধ্য পেল কি না, তার চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা যথাযথ ছিল কি না, আইন-আদালত ও রাষ্ট্রের কাছে এসব প্রশ্নের জবাব প্রয়োজন। মৃত্যুর পর কারাফটকে দুই মিনিটের সাক্ষাৎ আয়োজন করাই যদি মানবিকতার শেষ সীমা হয়, তবে সেই মানবিকতা অনেক দেরিতে এসেছে।
রাষ্ট্রের দায়িত্ব শুধু অপরাধের তদন্ত ও বিচার করা নয়। রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগের প্রতিটি পর্যায়ে মানুষের মর্যাদা ও মৌলিক প্রয়োজন বিবেচনা করাও জরুরি। কারাবন্দীর ওপর নির্ভরশীল অসুস্থ ও প্রতিবন্ধী সন্তানদের সুরক্ষায় কার্যকর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা থাকা দরকার। জরুরি চিকিৎসা, পরিচর্যাকারীর উপস্থিতি এবং বিশেষ পরিস্থিতিতে জামিন বা প্যারোলের আবেদন দ্রুত নিষ্পত্তির স্পষ্ট প্রক্রিয়া থাকতে হবে।
শর্মীর রাজনৈতিক পরিচয় নিয়ে মানুষের ভিন্নমত থাকতে পারে। তার বিরুদ্ধে অভিযোগের বিচারও চলবে। কিন্তু তূর্য ছিল শিশু, যার প্রয়োজন ছিল মায়ের সান্নিধ্য ও পরিচর্যা। তার মৃত্যুর পর মাকে কারাফটকে এনে দুই মিনিটের জন্য মুখ দেখানোর আয়োজন আমাদের বিবেককে স্বস্তি দেওয়ার মতো ঘটনা নয়। বরং এটি এমন এক আইনি ও নৈতিক প্রশ্ন রেখে যায়, যা রাষ্ট্রের কাছে জবাব দাবি করে।
একজন মা তার সন্তানের শেষ মুখ দেখেছেন, এটুকু মানবিক ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সন্তান বেঁচে থাকতে তার পাশে মাকে রাখার প্রয়োজন কি আমরা যথাসময়ে বুঝেছিলাম? এই প্রশ্নের উত্তর না খুঁজলে কারাফটকের সেই দুই মিনিট শুধু একটি মর্মান্তিক ঘটনার স্মৃতি হয়ে থাকবে, রাষ্ট্রের মানবিকতা কিংবা ন্যায়বিচারের মাপকাঠি হয়ে উঠবে না।
লেখক : সাংবাদিক
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/টিকে