ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) খুঁজে পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার রাত্রিকালীন ডিউটি করার কথা বলে তিনি থানা ভবনের ব্যারাক থেকে বেরিয়ে যান, এরপর থেকেই নিখোঁজ হয়েছেন।
পুলিশ জানায়, এসআই রাকিবুলকে সর্বশেষ গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্যারেক এলাকায় দেখা গিয়েছিল। তিনি রাজধানীর কাঠালবাগান এলাকার ব্যারাক থেকে রাতে থানায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু থানায় পৌঁছাননি তিনি। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সদস্য রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবা মাইজ উদ্দিন সরকার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, এসআই রাকিবুলের খোঁজ চেয়ে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় একটি বেতার বার্তা পাঠানো হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
রাকিবুল হাসানের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান ওসি ফজলে আশিক।
এফআর