প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ০১.০৫.২০২৬ ১:৫৯ এএম
ট্রাম্পের শেয়ার করা সংশোধিত মানচিত্রের ছবি। ছবি : সংগৃহীত ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও দেশটিতে নৌ অবরোধের মধ্যেই এবার হরমুজ প্রণালীর নাম বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব মানচিত্রে সুপরিচিত এই জলপথের নাম নিজের নামে অর্থাৎ ‘ট্রাম্প প্রণালী’ করে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি সংশোধিত মানচিত্রের ছবি পোস্ট করেন ট্রাম্প। এতে দেখা যায়, হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালী’ লেখা রয়েছে।
জানা গেছে, মানচিত্রটি মূলত ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে পোস্ট করা হয়েছিল। পরে সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ট্রাম্প।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সম্প্রতি আমেরিকাকে তিন দফার একটি প্রস্তাব দিয়েছে ইরান। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান ও ওমান সফর করার পর তেহরান জানায়, তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে আগ্রহী। কিন্তু পরমাণু সংক্রান্ত আলোচনা এখনই শুরু করতে চায় না।
নতুন চুক্তিতে তাদের শর্ত হলো— আমেরিকাকে এই প্রণালী থেকে অবরোধ তুলে নিতে হবে এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে আসতে হবে। তাদের এমন প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি ওয়াশিংটন। তবে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের প্রস্তাবে রাজি নয় ট্রাম্প প্রশাসন।
এফআর