চলতি বছরের এপ্রিল মাসে ৮৭ কন্যা ও ১৩৩ নারীসহ মোট ২২০ জন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩২ কন্যা ও ২৬ নারীসহ মোট ৫৮ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮ কন্যাসহ ১৭ জন। আর ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ কন্যাসহ ৩ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংগঠনটি।
প্রতিবেদন অনুযায়ী, ১১ কন্যাসহ ১২ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ৬ কন্যাসহ ১৬ জন। এর মধ্যে ৩ কন্যাসহ ৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন, ১ কন্যাসহ ৩ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন এবং সাইবার সহিংসতার শিকার হয়েছেন ২ কন্যাসহ ৫ জন।
এ ছাড়া বিভিন্ন কারণে ১৬ কন্যা ও ৪১ নারীসহ মোট ৫৭ জন হত্যার শিকার হয়েছেন। ৪ কন্যা ও ১৫ নারীসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ ঘটনার শিকার হয়েছেন ২ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন, এর মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন ২ জন।
পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন। ১ কন্যাসহ ২ গৃহকর্মী নির্যাতন এবং ১ কন্যাসহ ২ জন গৃহকর্মী হত্যার ঘটনার শিকার হয়েছেন। ৪ কন্যাসহ ১৩ জন আত্মহত্যার শিকার হয়েছেন, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ২ কন্যা। ৫ কন্যাসহ ৬ জন অপহরণের চেষ্টার ঘটনার শিকার হয়েছেন।
এ ছাড়া অপহরণের চেষ্টার শিকার হয়েছেন ৩ কন্যা। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১ কন্যাসহ ১৪ জন। এ ছাড়া ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
এফআর