বাংলাদেশ ফুটবল লিগে দারুণ এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিংস। মোহামেডানের ঘরের মাঠ কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফয়সাল আহমেদ ফাহিম এবং ডরিয়েলতন গোমেজের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
শিরোপা জেতার জন্য ম্যাচটি ছিল কিংসের জন্য মহাগুরুত্বপূর্ণ। হেরে গেলে চাপ বেড়ে যেত। সে ক্ষেত্রে শিরোপা রেসে থাকা আবাহনী লিমিটেড এবং ফর্টিস ফুটবল ক্লাবের জন্য সুবিধা হতো। কিন্তু কিংসের ফুটবলাররা তা হতে দেয়নি।
শক্তিশালী মোহামেডানের কাছ থেকে তিন পয়েন্ট তুলে নিয়েছে। এ জয়ে ১৫ ম্যাচ শেষে ১০ জয়, ৪ ড্র এবং ১ হারে দলটির সংগ্রহ এখন ৩৪ পয়েন্ট। টেবিলের শীর্ষে অবস্থান তাদের। সমানসংখ্যক ম্যাচে মোহামেডানের সংগ্রহ ১৭ পয়েন্ট। ৪ জয়, ৫ ড্র এবং ৬ হার দলটি। টেবিলের ছয় নম্বরে অবস্থান সাদা-কালোর।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ কিংস এবং মোহামেডানের। খেলার ১৮ মিনিটে উজবেকিস্তানের মোজাফফরভের গোলে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধের অন্তিম সময়ে গোলটি শোধ দিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে কিংস। রাকিবের পাস থকে ফয়সাল আহমেদ ফাহিম করেন সমতাসূচক গোল। মোহামেডান আগেই শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছে। মাঝে কোচ আলফাজকে বরখাস্ত করে আবদুল কাইয়ুম সেন্টুকে দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেন্টু দায়িত্ব নেওয়ার পর লিগে দুই ও ফেডারেশন কাপে এক ম্যাচ জেতে সাদাকালোরা। তবে অপেক্ষাকৃত শক্তিশালী কিংসের কাছে হারতে হলো তাদের।
সমতায় ফেরার পর কিংস মরিয়া হয়ে উঠেছিল লিড নিতে। একের পর এক কর্নার আদায় করেও কাক্সিক্ষত গোলটি পাচ্ছিল না তারা। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলতন গোল করে উৎসবের মাত্রা বাড়ান। ফয়সাল আহমেদ ফাহিমের পাসে মোহামেডানের জাল কাঁপান এই গোলমেশিন। লিগে এটি ডরিয়েলতনের ১৬তম গোল। বাকি সময়ে মোহামেডান ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। সৌরভ দেওয়ান ও বদলি রাফায়েল টুডুরা সেই সুযোগ কাজে লাগাতে না পারায় দুই ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ নিল মোহামেডান।
দিনের অন্য অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘ। এই ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে লাল কার্ডকাণ্ড। আরামবাগের ফুটবলারকে রেফারি বিটুরাজ একবার সরাসরি লাল কার্ড দেখান। আরামবাগের ফুটবলারদের প্রতিবাদের প্রেক্ষিতে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে হলুদ কার্ড দেন। রেফারি এমন সিদ্ধান্তে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা প্রতিবাদ জানায়। এতে খেলায় চরম উত্তেজনা বিরাজ করে। ড্র করা দুই দলেরই পয়েন্ট সমান ১৪ করে। তবে গোল গড়ে ব্রাদার্স সাত আর আরামবাগ আটে অবস্থান করছে। ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই রয়ে গেলে রেলিগেশনের ঝুঁকিতে। পিডব্লুডি ১৩ আর ইয়ংমেন্স ক্লাব ১০ পয়েন্ট নিয়ে ৯ ও ১০ নম্বরে রয়েছে।
এফআর