ইস্তানবুলের দাবা বোর্ডে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের। অত্যন্ত কাছে গিয়েও দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার নর্ম ছোঁয়া হলো না তার। তুরস্কের ফুবি একাডেমি গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার সিরিজ-১-এর শেষ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টারের কাছে হেরে যাওয়ায় দীর্ঘ হচ্ছে ফাহাদের অপেক্ষার প্রহর।
তুরস্কের এই আসরে ৯ রাউন্ডে ৭ পয়েন্টের লক্ষ্য নিয়ে মিশন শুরু করেছিলেন ফাহাদ। টুর্নামেন্টের শুরুটা ছিল দেখার মতো। প্রথম তিন রাউন্ডেই টানা জয় তুলে নিয়ে নর্ম অর্জনের পথে বেশ দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে চতুর্থ রাউন্ডে ইরানের শক্তিশালী গ্র্যান্ড মাস্টার আরিয়ান ঘোলামির সঙ্গে ড্র করার পর ছন্দপতন ঘটে পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে অনেকটা অপ্রত্যাশিতভাবেই তুরস্কের ফিদে মাস্টার দেনিস দিরিকোলুর কাছে হেরে হোঁচট খান ফাহাদ।
পঞ্চম রাউন্ডের সেই অনাকাক্সিক্ষত ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন এই বাংলাদেশি তারকা। পরের তিন রাউন্ডে ২.৫ পয়েন্ট তুলে নিয়ে শেষ রাউন্ড পর্যন্ত নর্ম পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন তিনি।
লক্ষ্য পূরণের সমীকরণ ছিল স্পষ্ট, নবম তথা শেষ রাউন্ডে জয়। কিন্তু ভাগ্য সহায় ছিল না তার। হাঙ্গেরির অভিজ্ঞ গ্র্যান্ড মাস্টার আসজেল গারগেলির বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে বোর্ডে বসলেও শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিতে হয় তাকে। ফলে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় এই তরুণ দাবাড়ুকে।
নর্ম হাতছাড়া হলেও এই টুর্নামেন্ট থেকে ফাহাদের প্রাপ্তি একেবারে শূন্য নয়। পুরো আসরজুড়ে লড়াকু পারফরম্যান্সের সুবাদে তিনি নিজের ঝুলিতে যোগ করেছেন ১১টি মূল্যবান রেটিং পয়েন্ট।
২০২৪ সালে পাওয়া প্রথম নর্মের পর দ্বিতীয় নর্মটির জন্য ফাহাদের যে অপেক্ষা শুরু হয়েছিল, ইস্তানবুুলের এই হার সেই অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করল। তবে রেটিং বৃদ্ধি ও রানার্সআপ হওয়ার গৌরব আগামী টুর্নামেন্টগুলোতে তাকে নতুন আত্মবিশ্বাস জোগাবে বলে আশা করছেন দেশের দাবাসংশ্লিষ্টরা।
এফআর