জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে টানা দুই দিন সব প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে। মহান মে দিবস, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে এই বন্দরে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না।
বন্দর সূত্র জানায়, আগামী রোববার (৩ মে) থেকে পুনরায় যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
জামালপুর জেলার উত্তরাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন ধানুয়া কামালপুর স্থলবন্দরটি অত্র অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এই বন্দর দিয়ে বর্তমানে ৩৪টি পণ্য আমদানির অনুমতি রয়েছে, যার মধ্যে ভারত থেকে পাথর আমদানিই প্রধান। অন্যদিকে, বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য ভারতে রফতানি করা হয়। বন্দরটি সচল থাকলে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়, যা স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি।
নানা জটিলতায় বছরের বিভিন্ন সময় বন্দরের কার্যক্রম ব্যাহত হলেও গত দুই মাস ধরে ধানুয়া কামালপুর স্থলবন্দরটি পুরোদমে সচল রয়েছে। বর্তমানে সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিত বাণিজ্য চলছে।
ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটির কারণে শুক্রবার ও শনিবার বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রোববার সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে পণ্য খালাস ও আমদানি-রফতানি শুরু হবে।
সময়ের আলো/জোই