বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) সকালে নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধের জেরে হাবিবুরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর নিহতের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরের দিকে।
গ্রামবাসীরা জানান, নিহতের নাক, মুখমণ্ডল ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। তাদের দাবি, রাতের কোনো এক সময়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় দুপুরে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (বানারীপাড়া সার্কেল) সৌমেন সরকার বানারীপাড়া থানা পরিদর্শন করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই