কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাজিব গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা (৫৭) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার

2026-05-01T22:33:03+00:00
2026-05-01T22:33:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাজিব গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৩৩ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ১০:৩৩ পিএম
এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি (৩২)। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা (৫৭) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত চারজনের মধ্যে তিনি একজন। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা রাজিবকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে গ্রেফতার করে র‌্যাব। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় এক এজাহারভুক্ত আসামিসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে র‍্যাব-১২ (সিপিসি-১, কুষ্টিয়া) ও র‍্যাব-৫ সদর কোম্পানির একটি যৌথ দল রাজশাহীতে অভিযান চালায়। গোদাগাড়ী উপজেলার থানা রোড এলাকার নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সময় তিনি একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, দরবারে হামলার ঘটনার পর রাজিব প্রথমে পাবনা এবং পরে রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রাজিব দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি এবং গাজি মিস্ত্রির ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতিতে সক্রিয় ছিলেন। মামলায় তিনি ৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, পবিত্র কোরআন ও ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে গত ১১ এপ্রিল দুপুরে পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামে কথিত পীর আব্দুর রহমান শামীমের দরবার শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে দোতলার একটি কক্ষ থেকে বের করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, ভিডিও ফুটেজে নীল রঙের টি-শার্ট পরা রাজিবকে বাঁশের লাঠি দিয়ে প্রথমে শামীমের কোমরে আঘাত করতে দেখা গেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, দরবারে পীর হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা ও ভিডিও ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার ১৫ দিন পর গত ২৬ এপ্রিল রাতে একই এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরদিন (২৭ এপ্রিল) রাতে একই ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৬) গ্রেফতার করা হয়। পরদিন (২৮ এপ্রিল) আদালতের নির্দেশে তাকে কুষ্টিয়া কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।

তবে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, সে কেবল ঘটনাস্থল দেখতে গিয়েছিল। যদিও পুলিশ জানায়, ভিডিও ফুটেজে উপস্থিতির ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে।

নিহত আব্দুর রহমান শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে গত ১৩ এপ্রিল রাতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কালাম দফাদারের ছেলে স্থানীয় জামায়াত নেতা মো. খাজা আহম্মেদকে (৩৮), যিনি জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের বর্তমান কর্মপরিষদ সদস্য।

এজাহারভুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন, হোসেনাবাদ (বিশ্বাসপাড়া) গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. আসাদুজ্জামান (৪৮)। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি। ৩ নম্বরে গ্রেফতার রাজিব এবং ৪ নম্বরে ইসলামপুর (পূর্বপাড়া) গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. শিহাব উদ্দিন (৪৫)।

এজাহারভুক্ত অন্য আসামিরা গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
























  বিষয়:   কুষ্টিয়া  দৌলতপুর  পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: