ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় দুই সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন, যাদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি ঝুঁকির মুখে ছিল। মূলত সেই কৃষিজমিগুলো নিরাপদ করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছিল।
আরও পড়ুন
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় নিক্ষিপ্ত অবিস্ফোরিত অস্ত্র শনাক্তে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালায়। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ অভিযান পরিচালিত হচ্ছিল।
অভিযানে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্র অংশ বা বোম্বেট শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল বলে দাবি করে ইরান।
এএডি/