বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক শ্রমিক সমাবেশ ও র্যালি বের হয়। দিবসটি উপলক্ষে বরিশালে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি।
শুক্রবার (১ মে) বেলা ১২ টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এতে আরো বক্তব্য রাখেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সহ দলের নেতাকর্মীরা।
এসময় বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। শ্রমিকরা গনতান্ত্রিক সরকারের সময় অবহেলিত থাকবেনা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আরও পড়ুন
পরে নগরীতে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সার্কিট হাউজ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।
শ্রমিক সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে লাল পতাকা মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
এছাড়া নগরীতে মে দিবস উপলক্ষে লাল পতাকা মিছিল করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি।
মে দিবসের সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকরা আজও বঞ্চিত। তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করছে। এখনো শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। এ সময় তারা শ্রমিকদের ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরী, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এএডি/