বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করা মানবতার পরিপন্থী। কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসের কারণে তাকে আঘাত করা বা হত্যা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
শুক্রবার (০১ মে) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আয়োজিত 'শুভ বুদ্ধপূর্ণিমা-২০২৬' উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ধর্ম এসেছে মানুষকে ভালো করার জন্য, যুদ্ধ বা হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। মানুষের কল্যাণ চাইলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক বাক্যে হিংসা ও যুদ্ধকে না বলতে হবে। এটা করতে না পারলে সুন্দর দেশ গঠন সম্ভব নয়।
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন দেশে যুদ্ধের প্রস্তুতি ও অস্ত্র উৎপাদন বৃদ্ধি মানবতার জন্য অশনিসংকেত। যারা শান্তির কথা বলেন তাদের আরও জোরালোভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম-মত নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়াই তরুণ প্রজন্মের প্রত্যাশা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামও বক্তব্য দেন। এ ছাড়া স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়াকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মমিত্র মহাথের।
/কহু