অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা যে ৫ জেলায়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর এলাকাসহ বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর

2026-05-02T23:43:45+00:00
2026-05-02T23:43:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা যে ৫ জেলায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৪৩ পিএম 
৫ জেলায় বন্যার শঙ্কা। সংগৃহীত ছবি
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর এলাকাসহ বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে নদ-নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 

শনিবার (২ মে) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিন অতিভারি বৃষ্টির ফলে তা বাড়ার আশঙ্কা রয়েছে।  
 
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের ফলে তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে সিলেট ও সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে।  একই অববাহিকার সারি গোয়াইন ও যাদুকাটা নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। 

  
এদিকে, নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী অববাহিকার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও এখনও তা প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকলেও নেত্রকোনার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। এছাড়া নেত্রকোনার মগরা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 
 
ধনু-বাউলাই অববাহিকার ক্ষেত্রে দেখা গেছে, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নেত্রকোনার নিম্নাঞ্চলে নতুন করে বন্যার সৃষ্টি হতে পারে। 
  
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার পূর্বাভাস মিলেছে। মনু, খোয়াই ও জুরি নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এর মধ্যে খোয়াই ও জুরি নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে মৌলভীবাজারের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যার সৃষ্টি এবং হবিগঞ্জ জেলায় বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 


/ইউএমএইচ



  বিষয়:   অতিবৃষ্টি  বন্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: