বর্ষাকালে যখন প্রকৃতি নিজের জরাজীর্ণতা ধুয়ে ফেলে প্রাণবন্ত রূপ ফিরে পায়, তখন পর্যটকরা বেরিয়ে পড়েন দেশের নানান প্রান্তে। পাহাড়, নদী, হাওর, চা বাগানের অসীম সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হন। বর্ষাকালে তেমনই কিছু জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সম্পর্কে লিখেছেন বন্যা নাসরিন
টাঙ্গুয়ার হাওর
বিগত কিছু বছর ধরে বর্ষা মৌসুমে হাজার হাজার পর্যটক ছুটে যান সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেখতে। জলযানে করে হাওড়, নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা, শহিদ সিরাজ লেকসহ কিছু দারুণ জায়গা ঘুরে দেখেন তারা। সেইসাথে হাওরের তাজা মাছ, হাঁস ও মুরগির মাংস, সবজি, চাটনি, এমন আরও মজাদার খাবার খাওয়ারও সুযোগ হয়। টাঙ্গুয়ার হাওর ছাড়াও, ঢাকা থেকে কাছেই কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরে আসতে পারেন একদিনের জন্য।
শ্রীমঙ্গল
বৃষ্টির ছোঁয়া পেয়ে শ্রীমঙ্গলের চা বাগানগুলো আরও সতেজ হয়ে ওঠে। এই সময় মেঘলা আবহাওয়ায় চা বাগানের পথ ধরে হাঁটতে ভালোলাগে। কখনো কখনো বৃষ্টি এসে আপনাকে ভিজিয়েও দিতে পারে। সে এক অন্যরকম অনুভূতি। মৌলভীবাজার বা শ্রীমঙ্গল গেলে একদিনেই আপনি ঘুরে নিতে পারবেন চা বাগান, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ কয়েকটি আকর্ষণীয় জায়গা। আর শ্রীমঙ্গলের বিখ্যাত সাত রঙা চা একদমই মিস করবেন না।
সিলেট
বর্ষা, সিলেট ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সেখানে আপনি দেখতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর, লালাখাল, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বিছানাকান্দিসহ আরও অনেক সুন্দর জায়গা।
বান্দরবান
পাহাড় দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হলো বান্দরবান। এই সময় পাহাড় আরও সবুজ হয়ে ওঠে, ঝরনাগুলো পানিতে টইটম্বুর থাকে। পাহাড় দেখতে গিয়ে একইসাথে ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হওয়ারও সুযোগ রয়েছে।
ভাসমান পেয়ারা বাজার
ট্রলার বা ডিঙিনৌকায় করে ছোট, বড় খাল পাড়ি দিতে দিতে চলে যেতে পারেন ভাসমান পেয়ারা বাজার দেখতে। যেতে পথে চোখে পড়বে কোথাও বসতি, কোথাও গাছের বাগান, কোথাওবা বিশাল বড় পেয়ারা বাগান। ঝালকাঠির ভীমরুলিতে দেখতে পাবেন নৌকায় ভেসে ভেসে হাজার হাজার পেয়ারা কেনাবেচা চলছে আর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় দেখতে পাবেন মনোমুগ্ধকর পেয়ারা বাগান।
সমুদ্র
যদি বর্ষায় সমুদ্র দেখতে চান, তাহলে কক্সবাজার, কুয়াকাটা বা চট্টগ্রাম যেতে পারেন। চট্টগ্রামের গুলিয়াখালী আর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এখন পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। সবুজ প্রকৃতি আর মনভোলানো সমুদ্র এখানে একসাথে মিতালি করেছে।
চলনবিল
এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিল। কয়েকটি জেলা জুড়ে বিস্তৃত এই বিলটি বর্ষায় আরও সুন্দর হয়ে ধরা দেয়। এই বিলে ঘুরতে গেলে অনেকটা হাওরে ঘোরার মতোই অনুভূতি পাবেন।
ঢাকা থেকে সহজেই এই সুন্দর জায়গাগুলোতে যেতে পারবেন। এছাড়া অন্য জেলা থেকেও ঘুরে আসতে পারেন। তবে, বর্ষায় ঘুরতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন, ছাতা বা রেইনকোট, বাড়তি পোশাক, জ্বর ঠান্ডার ঔষধ ইত্যাদি সঙ্গে রাখতে হবে। এই সময় সতর্কতার সাথে চলতে হবে। না হলে, পা পিছলে কোনও বিপদও ঘটতে পারে। ভ্রমণ হোক আনন্দমুখর আর নতুন নতুন অভিজ্ঞতার।
/মোজা