মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজরত অবস্থায় হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জসিম মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
হাফিজ উল্লাহ একই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। ওই সময় তিনি সেজদারত অবস্থায় নামাজ আদায় করছিলেন। অভিযুক্ত ব্যক্তি একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই এলাকার বাসিন্দা জসিমকে আটক করা হয়।
সময়ের আলো/জাহু/জোই