গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে মহাসড়ক এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পরিদর্শনকালে তিনি, অবৈধভাবে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব স্থাপনা উচ্ছেদ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে নির্দেশ প্রদান করেন।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার রঙিলা বাজারে পরিদর্শনে যান তিনি।
দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এমপি আশ্বাস দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে একটি কার্যকর ড্রেন নির্মাণ করা হবে। এতে তেলিহাটিসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং জনসাধারণের দুর্ভোগ কমবে।
সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, রঙিলা বাজার ও মুলাইদ এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মহাসড়ক তলিয়ে যায়। এমপির নির্দেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পরিদর্শনকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভুঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে মাওনা চৌরাস্তা-মুলাইদ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
সময়ের আলো/জোই