ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ উপজেলা বিএনপি সভাপতির ছেলে ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে ৬৪ পিস ইয়াবাসহ তাদের আটক করা হলেও পুলিশ মাত্র ১০ পিস ইয়াবা জব্দ দেখিয়ে আদালতে পাঠিয়েছেন।
গ্রেফতাররা হলেন, উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে আহমিদ বিন আজাদ ওরফে আলিফ (২২) এবং পূর্ব রাজাপুর এলাকার মো. শাহ আলম খানের ছেলে মো. মিরাজুল ইসলাম (২১)।
শনিবার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বাইপাস মোড় সংলগ্ন বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই দুজনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে মোট ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। বাবার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় ত্রাসের সৃষ্টি করতেন এবং নিয়মিত মাদকের আসর বসাতেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের তদবিরের কারণেই উদ্ধারকৃত মাদকের বড় একটি অংশ মামলার নথি থেকে গায়েব করে দেওয়া হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। তবে জব্দ ইয়াবার সংখ্যার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ফোনের লাইনটি কেটে দেন।
মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও জব্দ মালামাল কম দেখিয়ে আসামিকে সুবিধা দেওয়ার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/জয়/জোই