নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়েজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিল ইয়ামিন। পরিষ্কার বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মাইজদী থেকে চেয়ারম্যানঘাটগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইয়ামিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ড্রাম ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই