দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকা মানেই ক্যারিয়ারে থেমে যাওয়া- এই ধারণাকে ভেঙে নতুনভাবে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন তার ক্যারিয়ারের এমন এক অধ্যায়, যেখানে নীরবতা ছিল আসলে প্রস্তুতিরই অংশ।
শুরুটা হয়েছিল আইস ক্রিম সিনেমার মাধ্যমে। প্রথম কাজেই দর্শকের নজরে এলেও এরপর দীর্ঘ সময় তাকে বড় পর্দায় দেখা যায়নি। এই বিরতিকে অনেকেই ক্যারিয়ারের অনিশ্চয়তা হিসেবে দেখলেও তুষির কাছে বিষয়টি ছিল ভিন্ন।
আরও পড়ুন
তার ভাষায়, ভালো গল্প আর শক্তিশালী চরিত্রের অপেক্ষাই ছিল তার মূল লক্ষ্য। তিনি মনে করেন, সব কাজ করে পর্দায় থাকা নয়, বরং বেছে নেওয়া কাজের মাধ্যমেই একজন অভিনেতার পরিচয় গড়ে ওঠে। এই বিশ্বাস থেকেই তিনি সময় নিয়েছেন, অপেক্ষা করেছেন।
তিনি আরও বলেন, ‘ভালো গল্প আর শক্তিশালী চরিত্রের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে।’
তুষি জানান, একটা সময় এমনও গেছে যখন তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য শোনা গেছে- কেউ বলেছেন তিনি হারিয়ে গেছেন, কেউবা ভেবেছেন তার পথচলা থেমে গেছে। কিন্তু এসব কথাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে অটল ছিলেন তিনি।