আসামে এনডিএ-র বিধানসভা নির্বাচনে জোরালো সাফল্যকে “সুশাসন ও উন্নয়নমূলক কাজের প্রতিফলন” বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমুখী নীতির কারণেই এই বিপুল জয় সম্ভব হয়েছে।
গুয়াহাটিতে বিজেপির রাজ্য দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই ফলাফল ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি “অভূতপূর্ব জয়”, কারণ প্রথমবারের মতো রাজ্যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তার মতে, এনডিএ সরকারের কাজকর্মের উপর মানুষের আস্থা এই নির্বাচনের ফলাফলে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৬২টি আসনে জয় পেয়েছে এবং আরও ২০টি আসনে এগিয়ে রয়েছে। জোটসঙ্গী বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট ৭টি আসনে জয়ী হয়েছে এবং ৩টি আসনে এগিয়ে আছে। অন্য জোটসঙ্গী অসম গণ পরিষদ ৪টি আসনে জয় পেয়েছে এবং ৬টি আসনে এগিয়ে রয়েছে।
কংগ্রেসের ফলাফল নিয়েও কড়া মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জুবিন গার্গের মৃত্যুকে রাজনীতিকরণ করার জন্য মানুষ কংগ্রেসকে শাস্তি দিয়েছে।
তার দাবি, বিরোধী শিবিরে খুব কম সংখ্যক হিন্দু বিধায়ক থাকবেন এবং তিনি “ভালো হিন্দু কংগ্রেস নেতাদের” বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
এছাড়া হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত চিরকাল হিন্দু পরিচয়ের দেশ হিসেবে থাকবে এবং সূর্য ও চন্দ্র যতদিন থাকবে ততদিন এই পরিচয় অটুট থাকবে। তিনি আরও দাবি করেন, আসামের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকারই সবচেয়ে উপযুক্ত।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে তিনি এনডিএ-র এই সাফল্যকে “হ্যাটট্রিক উইথ আ সেঞ্চুরি” বলে অভিহিত করেন।
/ইউএমএইচ