জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ঝিমিয়ে পড়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। এই কার্যক্রম জোরদার করার কথা বলছেন দলের শীর্ষ নেতারা। এর অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ৯ এপ্রিল কৃষিবিদ খামার ইনস্টিটিউশনে দিনব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, মতবিনিময় সভায় বিএনপি নেতা, ঢাকা মহানগর বিএনপি নেতা, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সারাদেশের জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারি উপস্থিত থাকবেন ।
দলের একাধিক নেতা জানান, দলীয় কর্মসূচি না থাকায় সাধারণ নেতাকর্মীরাও এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় দলীয় নেতারা সাংগঠনিক শক্তি বাড়ানোর প্রয়োজন মনে করছেন।
তাদের মতে, দুর্বল সাংগঠনিক কাঠামো নিয়ে নির্বাচনে গেলে প্রতিদ্বন্দ্বী দলগুলো সুযোগ নিতে পারে। তাই নির্বাচন সামনে রেখে মূল দল ও অঙ্গসংগঠনগুলোর সারা দেশের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময়ের এই উদ্যোগ নেয়া হয়েছে। মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের দেওয়া দিকনির্দেশনা সংগঠনকে আরো মজবুত ও শক্তিশালী করবে বলেও জানান তারা।