শিক্ষার্থীদের পুষ্টি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে।
মঙ্গলবার (৫ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্ট।
বৈঠকে দুই পক্ষের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন।
সাক্ষাতে দেশের চলমান ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর এবং মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার উপায়, ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি টেকসই কাঠামো গড়ে তোলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন।
আরও পড়ুন
আলোচনায় মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং সুশিক্ষা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। তিনি উল্লেখ করেন, দেশের শিশুদের পুষ্টি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ অপরিহার্য।
তিনি আরও মন্তব্য করেন যে, অতীতে এই ধরনের কর্মসূচির সূচনা হয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পর্যায়ে এটি গুরুত্ব পেয়েছে। শিশুদের সামগ্রিক বিকাশে পুষ্টিকর খাদ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- এ বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে সবসময় গুরুত্ব পেয়ে আসছে বলেও তিনি জানান।
বৈঠকে ‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে মাঠপর্যায়ে মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা, উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করা এবং সরবরাহ ও বাস্তবায়ন ব্যবস্থায় দক্ষতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এএডি/