পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের পথে রওনা হন তিনি। সফরে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক নানা অমীমাংসিত ও গুরুত্বর্পূণ বিষয় প্রাধান্য পাবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ থেকে ৭ মে পর্যন্ত ড. খলিলুর রহমান বেইজিং অবস্থান করবেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
এবারের সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের সম্ভাব্য সমন্বয় নিয়ে এই সফরে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে বাণিজ্য ঘাটতি কমানো এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।
আগামী ৭ মে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলসহ দেশে ফেরার কথা রয়েছে।
/ইউএমএইচ