ধামরাইয়ে ইটভাটার গ্যাসে পুড়ল ২৫ হেক্টর জমির ধান

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও তীব্র তাপের কারণে প্রায় ২৫ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট

2026-05-05T22:29:57+00:00
2026-05-05T22:29:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে ইটভাটার গ্যাসে পুড়ল ২৫ হেক্টর জমির ধান
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:২৯ পিএম 
প্রায় ২৫ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও তীব্র তাপের কারণে প্রায় ২৫ একর জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে বাউখন্ড, নান্দেশ্বরী, চালা, নারায়ণপুর ও ভবনহাটি— এই পাঁচটি গ্রামের শতাধিক প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ইটভাটাগুলো নিয়ম না মেনে গ্যাস ও ধোঁয়া ছাড়ায় এই ক্ষতি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে ভাটা মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন।

স্থানীয় সূত্র জানায়, নান্দেশ্বরী এলাকার তিন ফসলি জমির পাশেই গড়ে উঠেছে আলিফ ব্রিকস ও টাইগার ব্রিকস নামে কয়েকটি ইটভাটা। এসব ভাটার আগুনের তাপ ও ধোঁয়ার প্রভাবে পাশের ধানক্ষেত পুড়ে যায়। কৃষকদের দাবি, এ ধরনের ক্ষতির ঘটনা নতুন নয়— প্রতিবছরই তারা একই সমস্যার মুখোমুখি হন।

ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল মান্নান মিয়া বলেন, ৭০ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম। অনেক কষ্টে টাকা খরচ করে ফসল তুলতে যাচ্ছিলাম। এখন সব ধান পুড়ে গেছে। এই ধানেই আমাদের সারা বছরের খাবার নির্ভর করে। এখন আমরা কী খাবো?


আরেক কৃষক খলিল জানান, আমি ১০০ শতাংশ জমিতে ধান লাগিয়েছিলাম। ঋণ নিয়ে সার কিনেছি। ফসল আসতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ এসে দেখি সব ধান নষ্ট হয়ে গেছে। এই ফসল বিক্রি করেই সংসার আর সন্তানদের পড়াশোনা চালাতাম।

এদিকে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, প্রাথমিকভাবে ইটভাটার কারণেই এই ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে ইটভাটা মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ধামরাইয়ে প্রতি বছরই ইটভাটার কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠে। স্থানীয়দের দাবি, এমন ক্ষতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। 


/ইউএমএইচ



  বিষয়:   ধামরাই  ইটভাটা  ধান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: