দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ধরনের উদ্যোগের অংশ হিসেবে আজ সৌদিআরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পোঁছাচ্ছে। ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার (৬ মে) বেলা ১২টার মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চালানটি দেশে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জ্বালানির অভাবে রাষ্ট্রায়ত্ত একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড গত ১২ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ রেখেছে। নতুন এই ক্রুড অয়েল সরবরাহ পেলে প্রতিষ্ঠানটি আবার উৎপাদনে ফিরতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, শোধনাগারটি চালু হলে পেট্রল, অকটেন, ডিজেলসহ বিভিন্ন জ্বালানির সরবরাহ পরিস্থিতি উন্নত হবে। ফলে বাজারে সম্ভাব্য সংকটও অনেকটাই কমে আসবে।
আরও পড়ুন
ইআরএল সূত্রে জানা গেছে, মোট দুই লাখ টন ক্রুড অয়েল মজুদ থাকলে প্রায় দুই মাস পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো সম্ভব। এ কারণে আরও একটি জাহাজ ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে একই পরিমাণ জ্বালানি নিয়ে মে মাসের মাঝামাঝি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।
ক্রুড অয়েল আমদানি কার্যক্রমে সমন্বয় করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জাহাজ ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের মধ্যেই মোট দুই লাখ টন জ্বালানি দেশে পৌঁছাবে।
অন্যদিকে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি এলাকায় আটকে থাকা আরও এক লাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজকেও দেশে আনার চেষ্টা চলছে।
এএডি/