শ্রীনগরে ভুট্টা খেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদকের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে (৫ মে) উপজেলার সালেপুর চকে এই ঘটনা ঘটে।
পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই অভিযুক্ত বীরতারা গ্রামের মৎস্যজীবী দলের নেতা ধেনু শেখের ছেলে নিরব শেখকে (২২) গ্রেফতার করেছে। এই ঘটনায় ওই কিশোরের মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একই এলাকার তিন কিশোরকে ভুট্টা খেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয় নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়। এরপর ওই ১৫ বছর বয়সী কিশোরকে বলাৎকার করে। পরে ওই কিশোরের হাতে গাঁজা ধরিয়ে দিয়ে তাকে বলাৎকারের ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং জানাজানি হলে তাকে মাদকসেবী হিসাবে প্রচার করা হবে ভয়ভীতি প্রদর্শন করে। ভুক্তভোগী কিশোর মজিদপুর দয়হাটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
ঘটনার পর ভুক্তভোগী কিশোর বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হন। জনপ্রতিনিধিরা এই ঘটনায় কোনো ব্যবস্থা নিতে অপারগতা জানানোর পর ওই কিশোরের পরিবার শ্রীনগর থানায় পুলিশকে অবহিত করেন। পুলিশ মামলা নিয়ে রাতেই অভিযান চালিয়ে বীরতারা গ্রাম থেকে অভিযুক্ত নিরবকে গ্রেফতার করে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই