মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
রায়ের ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সাজু আদালতে অনুপস্থিত থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাজু মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন সাজু। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ডলি মারা যান।
এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
সময়ের আলো/জোই