ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করায় আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির ওপর উয়েফার নিষেধাজ্ঞা দেয় ফিফা। তবে এ নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে ফিফা। এতে ২০ বছর বয়সী এই ফুটবলারের আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ পেলেও প্রথম অন্তত দুই ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গেল দুই সপ্তাহ আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় ভিনিসিয়ুস জুনিয়রকে মৌখিকভাবে অপমান করেন প্রেস্তিয়ান্নি। ক্যামেরার হাত থেকে বাঁচতে গালি দেওয়ার সময় এ ফুটবলার জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন।
উয়েফা প্রেস্তিয়ান্নিকে মোট ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে, যার মধ্যে ৩ ম্যাচ স্থগিত রাখা হয়েছে।
এক বিবৃতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, উয়েফার দেওয়া এই শাস্তি আন্তর্জাতিক ম্যাচেও কার্যকর করা হচ্ছে। অর্থাৎ ইউরোপীয় প্রতিযোগিতার বাইরে, বিশ্বকাপেও এর প্রভাব পড়বে। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন, ফলে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ তাকে দর্শক হয়ে থাকতে হবে।
তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনও তাকে দলে রাখবেন কিনা, তা স্পষ্ট নয়। শিরোপাধারী আর্জেন্টিনা ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ অভিষেক হতে যাওয়া জর্ডান।
২০ বছর বয়সী প্রেস্তিয়ান্নি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেছেন। গত নভেম্বরে সর্বশেষ জাম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি ছিলেন বদলি বেঞ্চে, মাঠে নামেননি। পাউলো দিবালার চোটের কারণে মার্চের উইন্ডোতে তাকে দলে ডাকা হলেও, উয়েফার তদন্ত নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি আলবিসেলেস্তে কোচ স্কালোনি।
/কেএইচও