নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দীপ দেবনাথ (১৬) নামে আরও এক পরীক্ষার্থী।
বুধবার (৬ মে) দুপুরের দিকে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্র জানায়, নিহত তন্ময় তার বন্ধু দ্বীপের সাথে দেখা করতে কৃষি ইনস্টিটিউটে এসেছিলেন। এ সময় চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি দুজনকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তন্ময়কে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ