জলবায়ু সহিষ্ণু ভুট্টা চাষে কৃষি বিপ্লবের হাতছানি

ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে জেগে উঠা টিনেরচরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পতিত বালুময় জমিতে আগাম জাতের উচ্চফলনশীল ভুট্টা

2026-05-07T03:49:26+00:00
2026-05-07T06:06:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জলবায়ু সহিষ্ণু ভুট্টা চাষে কৃষি বিপ্লবের হাতছানি
ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৪৯ এএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৬:০৬ এএম
ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে জেগে উঠা টিনেরচরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পতিত বালুময় জমিতে আগাম জাতের উচ্চফলনশীল ভুট্টা চাষ কৃষি বিপ্লবের হাতছানি দিচ্ছে। 

জলবায়ু সহিষ্ণু উচ্চফলনশীল আগাম জাতের এই ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। যুবরাজ জাতের এই ভুট্টা চাষে দ্বিগুণ ফলন পাওয়ার আশা তাদের। এই জাতের ভুট্টা চাষ হওয়ায় বন্যায় ফসল ডুবে যাওয়ার শঙ্কামুক্ত টিনেরচরের সাড়ে ৪শ কৃষক। সরকারিভাবে উচ্চফলনশীল জাতের বীজ সরবরাহ করা গেলে পুরো অঞ্চলে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা স্থানীয় কৃষকদের।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া বলেন, দেওয়ানগঞ্জ উপজেলা একটি নদী ভাঙনকবলিত এলাকা। এই এলাকার কৃষকের জন্য উপজেলা কৃষি অফিস ও এনজিওদের সমন্বয়ে জলবায়ু সহিষ্ণু কৃষি অর্থনীতি গড়ে তোলা হচ্ছে। বিশেষ করে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির পক্ষ থেকে আগাম জাতের ভুট্টা বীজ সরবরাহ করা হয়েছে। স্বল্প জীবনকালের বীজ সরবরাহ করায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রতন মিয়া আরও বলেন, আমরা ও এনজি মিলে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের যৌথ এই উদ্যোগে কৃষি উৎপাদনে নতুন মাত্রা যোগ হচ্ছে।

ব্র্যাকের অ্যাডাপটেশন ক্লিনিক সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় অ্যাডাপটেশন ক্লিনিকের মাধ্যমে টিনেরচরে কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্যোগ সহিষ্ণু ভুট্টা চাষের জন্য কৃষকদের মাঝে আগাম ও উন্নত জাতের বীজ সরবরাহ করেছে ব্র্যাক যাতে করে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং ফসল ঘরে তোলা যায়।পাশাপাশি পরিবেশবান্ধব জৈব বালাইনাশক ব্যবহার করে কৃষকরা যেন লাভবান হতে পারেন সেসব সাপোর্টও দেওয়া হয়েছে।

জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীর ভাঙনে ছোট হয়ে আসছে চুকাইবাড়ী ইউনিয়ন। এই ইউনিয়ন যমুনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙনে নিঃশেষ হলেও নতুন করে জেগে উঠেছে টিনেরচর নামে একটি চর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ও জীবনমান উন্নয়নে যমুনার বুকে জেগে উঠা টিনেরচরের পতিত জমিতে কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ শুরু করেছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি।

এই কর্মসূচির অ্যাডাপটেশন ক্লিনিকের মাধ্যমে কৃষকদের জলবায়ু সহনশীল ফসল চাষ, উন্নত ও স্বল্পমেয়াদি জাতের ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তি এবং মাটির উর্বরতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ফলে সহজেই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে উৎপাদন বাড়াতে সক্ষম হচ্ছেন টিনেরচরের কৃষকরা। 

চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচরের পতিত বালু জমিতে চলতি মৌসুমে প্রায় ৭৫০ বিঘা জমিতে আগাম উচ্চফলনশীল ভুট্টার চাষ করা হয়েছে। ইতিমধ্যে ফলন ঘরে তোলার কার্যক্রম শুরু করেছেন কৃষকরা। ব্র্যাকের আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহারে উৎপাদন ব্যয় কমছে। 

ব্র্যাকের অ্যাডাপটেশন ক্লিনিকের মাধ্যমে এই চরের ৪২০ জন কৃষককে জলবায়ু সহিষ্ণু আগাম জাতের ও উচ্চফলনশীল ভুট্টার বীজ প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের ভুট্টা চাষের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা হয়। 


উপকারভোগীরা বলছেন, ব্র্যাকের এই উদ্যোগে চরের কৃষিতে বিপ্লবের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আগে যেখানে ভুট্টার ফলন হতো বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ মণ, সেখানে উচ্চফলনশীল আগাম জাতের ভুট্টা চাষে ফলন হচ্ছে ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত। এই ধারা অব্যাহত থাকলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি। কৃষি উৎপাদনে নতুন মাত্রা যোগ হয়েছে টিনেরচরে। আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা।

স্থানীয় কৃষকরা বলেন, টিনেরচরে আগে স্থানীয় জাতের ভুট্টা চাষ করে ফলন কম হতো। কিন্তু ব্র্যাকের সরবরাহকৃত যুবরাজ জাতে ফলন দ্বিগুণ হচ্ছে। বড় কথা হলো আগে ভুট্টা চাষসহ অন্যান্য ফসল চাষ করে আতঙ্ক থাকতে হতো বন্যার ভয়ে। কিন্তু আগাম জাতের ভুট্টা চাষ করায় এখন সেই ভয় আর নেই। এতে করে আমরা লাভবান হচ্ছি। ব্র্যাকের এই কর্মসূচি যদি ছড়িয়ে দেওয়া যায় তা হলে কৃষিতে বিপ্লব ঘটবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জলবায়ু সহিষ্ণু  ভুট্টা  চাষ  কৃষি বিপ্লব  জামালপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: