জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকে কার্যকর

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুই মাসে তিন দফায় বাড়ানোর পর উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কিছুটা কমিয়েছে সরকার।

2026-05-07T17:42:36+00:00
2026-05-07T17:42:36+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকে কার্যকর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৪২ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুই মাসে তিন দফায় বাড়ানোর পর উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কিছুটা কমিয়েছে সরকার। এতে এক লাফে প্রায় ২২ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে মে মাসের জন্য লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ২১ টাকা ৬৩ পয়সা কমানো হয়েছে। এবং জেট ফুয়েলের নতুন এই দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা গত মাসে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানির প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও লরির পরিবহন খরচ— এসব বিষয় বিবেচনায় নিয়ে মে মাসের জন্য জেট ফুয়েলের এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।


গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জেরে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। এর প্রভাব পড়ে দেশের বাজারেও। ফেব্রুয়ারি মাসে দেশে অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। এরপর মার্চ ও এপ্রিলে মোট তিন দফায় লিটারপ্রতি ১৩১ টাকা ৯৬ পয়সা দাম বাড়ানো হয়। এর মধ্যে গত ৮ মার্চ প্রথম দফায় লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানো হয়। এরপর ২৪ মার্চ এক লাফে লিটারে ৮৯ টাকা ৮৮ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। সবশেষ গত ৭ এপ্রিল লিটারে আরও ২৪ টাকা ৭৯ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২২৭ টাকা ৮ পয়সা।

আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ–১–এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনের পর গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

/কেআই
  বিষয়:   জেট ফুয়েল  নতুন দাম 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: