ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৭ মে) সদর দফতর থেকে নির্দেশনা পাবার পর সকাল থেকে সীমান্তে এ বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সীমান্তে অবস্থিত সব বিওপি ও চেকপোস্টগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। চেকপোস্টগুলোয় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফুল বারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদর দফতর থেকে নির্দেশনা পাওয়ার পর থেকে পুরো সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলোয় তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনোভাবেই ভারত থেকে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি।
সময়ের আলো/জোই