মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় অর্ণব সজীব (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭মে) দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজম সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সজীব মোটরসাইকেল নিয়ে বালুয়াকান্দি থেকে ভবেরচরের দিকে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তিনি ভাটেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে মোটরসাইকেলটি সামান্য ডানে সরিয়ে নেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সজীব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/মহু