রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক দুই থেকে তিনটার মধ্যে গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশন এর সামনে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে ট্রান্সফরমারটি চুরি হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে দুইজন ব্যবসায়ী দোকানে বিদ্যুৎ না পেয়ে বিষয়টি খেয়াল করেন। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।
স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, ‘রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই এবং দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটিও নেই। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়।’
তিনি আরও বলেন, ‘গত ১০-১২ বছরে আমার দোকানে ৪-৫ বার চুরি হয়েছে। এজন্য দোকানে মালামাল রাখতে ভয় লাগে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি।’
ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরে থাকা কয়েল ও তার খুলে নিয়ে গেছে।’
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
/মহু