বাগেরহাটের ফকিরহাটের রাস্তায় ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) ভোর রাতে রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ট্রাকযোগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় ডাকাতি হয়।
এ খবর পেয়ে ভোররাতেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাকসহ মালামাল জব্দ ও দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলেন, ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং একই উপজেলার নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।
ফকিরহাট থানা পুলিশ জানায়, রামপাল এলাকার মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান তিন জন মিলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম কিনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রয় করা মালামাল বিআরটিসির একটি ভাড়ায় চালিত ট্রাকে তুলে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এরপর রামপাল জিরো পয়েন্ট ও সোনাতুনিয়া বাসস্ট্যান্ডে স্থানীয় জনতা তাদের ট্রাকের গতিরোধ করে। এ সময় তারা ট্রাকে থাকা মালামাল যাচাই-বাছাই করে দেখেন, সেখানে তামা বা অবৈধ কোনো মালামাল আছে কি না। অবৈধ মালামাল না থাকায় তারা ট্রাকটি ছেড়ে দেন।
যাচাই-বাছাই শেষে রাত ১টার দিকে ট্রাকটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তারপর ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় এসে পৌঁছালে সেখানে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক ও ট্রাকে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মালামালসহ তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৬ জনকে আসামি করে শুক্রবার সকালে ফকিরহাট মডেল থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল জব্দ ও দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
সময়ের আলো/মহু/জোই