রাজশাহীর বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ সাজেদুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যপাড়া গ্রামের বেলী ব্রিজ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাজেদুর রহমান উপজেলার সূর্যপাড়া গ্রামের মৃত আমির মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাজেদুর রহমান মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান। সকাল ৭টার দিকে নৌকায় থাকা অবস্থায় অসাবধানতাবশত পড়ে যান। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ ব্যাপারে বাগমারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান সময়ের আলোকে জানান, খবর পেয়ে স্টেশনের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী সদর থেকে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাগমারা থানা পুলিশ সকাল থেকেই ঘটনাস্থলে ছিলো এবং মরদেহ উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করেছে, এ বিষয়ে অপমৃত্যু মামলা হতে পারে।
সময়ের আলো/মহু/জোই