বসতবাড়িতে আগুন লেগে গোলার ধান, ঘরের আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃষক কাবুল দাড়িয়া এখন নিঃস্ব। প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারেনি কাবুলসহ এলাকাবাসী।
কৃষক কাবুল দাড়িয়া উপজেলার মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। অগ্নিকাণ্ডের সময় তিনি অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পরিবারসহ হাসপাতালে ছিলেন।
তিনি বলেন, ‘সন্ধ্যায় আমি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। ওখানে বসে খবর পাই যে, আমার ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে বাড়ি এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।’
কোটালীপাড়া ফায়ার স্টেশন ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। তবে, ততক্ষণে ঘরটির অনেক ক্ষতি হয়ে যায়।’
সময়ের আলো/মহু/জোই