রাজবাড়ীতে একটি ছাত্রাবাসে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ফাহিম (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৭ মে) সকালে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম মাহমুদ রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষ্মীপুর এলাকার পুলিশ আবু বক্কর সিদ্দিকের ছেলে। পড়ালেখার সুবিধার জন্য সে তিন মাস আগে এই ছাত্রাবাসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্পগুজব করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্ষে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে। এ সময় সাড়া না পেয়ে বাড়ির পেছনের ব্যালকনি দিয়ে উকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নিহত ফাহিমের বাবা পুলিশে চাকরি করেন। ফাহিমও চাকরি করবে বলে তার বাবার কাছে বলে। কিন্তু বাবা তাকে পড়ালেখা চালিয়ে যেতে বলেন। ধারণা করা হচ্ছে বাবার ওপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই